কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ভারতের অবস্থান এবং কেন্দ্রের মনোভাব ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির এআই সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে মোদী মানবকেন্দ্রিক উন্নয়নের কথা বলেন। এআই-কে ‘খোলা আকাশ’ দেওয়ার পক্ষে সওয়াল করলেও তার নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বলেন, “সকলের ভাল এবং সকলের আনন্দ আমাদের লক্ষ্যমাত্রা। মানুষ কেবল এআই-এর তথ্যভান্ডার হবে না।” এই সূত্রেই মোদীর সংযোজন, “এআই-কে খোলা আকাশ দিন। কিন্তু তার নিয়ন্ত্রণ আমাদের হাতে রাখুন।”
এআই-এর মানবকেন্দ্রিক লক্ষ্যের কথা তুলে ধরতে গিয়ে ‘মানব’ প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ইংরেজিতে মানব বানানের প্রতিটি অক্ষরের আলাদা ব্যাখ্যা দেন। মূলত এআই-এর নৈতিক, মানবকেন্দ্রিক ব্যবহারের উপর জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “মানবতার উন্নয়নে ভারতের ‘মানব’ দৃষ্টিভঙ্গি একবিংশ শতকের গুরুত্বপূর্ণ বিষয়।”
বক্তৃতায় ডিপফেক প্রযুক্তি এবং বিকৃত বিষয় নিয়েও সতর্কবার্তা শোনা গিয়েছে মোদীর মুখে। তিনি বলেন, “ডিপফেক এবং বিকৃত বিষয়বস্তু সমাজে অস্থিরতা তৈরি করে।” এই সূত্রেই প্রধানমন্ত্রী এআই নির্মিত বিষয়বস্তুতে সত্যতা যাচাইয়ের পক্ষে সওয়াল করেন।
প্রধানমন্ত্রী নিজের ভাষণে এআই-এর গুরুত্বের কথা তুলে ধরেন। স্মরণ করিয়ে দেন ভারতে যুবশক্তি এবং প্রতিভার অভাব নেই। এই প্রসঙ্গে মোদী বলেন, “কিছু মানুষ এআই-কে নিয়ে ভয় পায়। আর ভারত এর মধ্যে সম্ভাবনা আর ভবিষ্যৎ খুঁজে পায়।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যের সময় দর্শকাসন থেকে হাততালির শব্দ শোনা যায়। সেই সময় সামনে উপবিষ্ট ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানেরা। ছিলেন বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তারাও।