Advertisement
E-Paper

শীঘ্রই ইউপিআই ব্যবহার করবে ইজরায়েল! দু’দিনের সফর শেষে জানালেন মোদী, ‘বন্ধুর’ কাছে ঋণ স্বীকার করলেন নেতানিয়াহু

বাণিজ্য মন্ত্রক বৃহস্পতিবার জানায়, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য সমোঝোতা নিয়ে আগামী মে মাসে দ্বিতীয় দফার বৈঠকে বসবে ভারত এবং ইজ়রায়েল। প্রথম দফার আলোচনা দিল্লিতে শেষ হয়েছে। চার দিন ধরে চলেছে সেই বৈঠক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৬

ছবি: পিটিআই।

ইজ়রায়েলের মানুষজনও শীঘ্রই ব্যবহার করবেন ইউপিআই। সে দেশে দু’দিনের সফর সেরে ফেরার আগে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে ইজ়রায়েলের সঙ্গে শীঘ্রই মুক্ত বাণিজ্য সমঝোতা হচ্ছে ভারতের, যৌথ সম্মেলনে সে কথাও জানিয়েছেন মোদী। দুই দেশ বেশ কয়েকটি মউয়েও স্বাক্ষর করে। বৃহস্পতিবার সকালে হলোকস্টে মৃতদের স্মৃতি স্মারকেও শ্রদ্ধা জানিয়েছেন মোদী। তাঁর এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মোদীকে ‘বন্ধুর থেকেও বেশি’ বলে সম্বোধন করেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

২০১৭ সালে প্রথম বার ইজ়রায়েল সফরে গিয়েছিলেন মোদী। তার পরে দু’দিনের সফরে গিয়ে নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যার হারজ়গের সঙ্গে বৈঠক করেন তিনি। মোদীকে ‘বন্ধুর থেকেও বেশি’ বলে বর্ণনা করেছেন নেতানিয়াহু। তিনি মনে করিয়ে দিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরেই ধিক্কার জানিয়েছিলেন মোদী। যৌথ সম্মেলনের শুরুতেই নেতানিয়াহু বলেন, ‘‘আমার প্রিয় বন্ধু নরেন্দ্র, আপনার সফরে আমি অভিভূত। আপনি ইজ়রায়েলের বড় বন্ধু। বিশ্বে বড় নেতা আপনি। নরেন্দ্র, আপনি বন্ধুর থেকেও বড় কিছু। আপনি আমার ভাই।’’ তিনি জানিয়েছেন, বিমানবন্দরেও জড়িয়ে ধরে মোদীকে বিদায় জানিয়েছেন। ইজ়রায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তৃতা করার পরে নেতানিয়াহুর সঙ্গে নিজের একটি ছবি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন মোদী।

যৌথ বিবৃতিতে নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে মোদী স্পষ্ট জানিয়েছেন, পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। তার পরেই তিনি জানিয়ে দেন, ভারত এবং ইজ়রায়েলের মধ্যে শীঘ্রই হবে মুক্ত বাণিজ্য সমঝোতা। তাঁর কথায়, ‘‘আমরা শীঘ্রই মুক্ত বাণিজ্য সমঝোতা করার কাজ সম্পন্ন করব, যাতে সুবিধা হবে উভয় পক্ষেরই।’’ এর পরেই তিনি জানান, ইজ়রায়েলেও শীঘ্রই ইউপিআইয়ের ব্যবহার শুরু হবে। দুই দেশের ইউপিআই সিস্টেমে সংযোগ করার চুক্তিতে সই হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সংযোগ আরও বাড়বে। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রযুক্তি, প্রতিরক্ষা বিষয়ে বেশ কিছু মৌ স্বাক্ষরিত হয়। নেতানিয়াহুকে এর পরে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

এই আবহে দেশের বাণিজ্য মন্ত্রক বৃহস্পতিবার জানায়, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য সমোঝোতা নিয়ে আগামী মে মাসে দ্বিতীয় দফার বৈঠকে বসবে ভারত এবং ইজ়রায়েল। প্রথম দফার আলোচনা দিল্লিতে শেষ হয়েছে। চার দিন ধরে চলেছে সেই বৈঠক। চুক্তির প্রক্রিয়া, নীতি, বাধা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। আরও খবর, সমঝোতার ক্ষেত্রে দুই পক্ষেরই নজরে রয়েছে যন্ত্র, রাসায়নিক, বস্ত্র, কৃষি, মেডিক্যাল পরিষেবা এবং প্রযুক্তি। এশিয়ার ভারত ইজ়রায়েলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। এখন মূলত হিরে, পেট্রোলিয়ামজাত পণ্য, রাসায়নিক দ্রব্যেই আবদ্ধ দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য। সেই তালিকা আরও দীর্ঘ করতে চাইছে দিল্লি এবং তেল আভিভ।

বৃহস্পতিবারের বৈঠকে নেতানিয়াহু ভারতের কাছে নিজের ‘ঋণস্বীকার’ করেছেন। কেন, সেই কারণও জানিয়েছেন। নেতানিয়াহু জানান, তেল আভিভের এক ভারতীয় রেস্তরাঁতেই প্রথম বার স্ত্রী সারার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাঁর। তাঁর কথায়, ‘‘খাবারগুলি অসাধারণ ছিল। সারা প্রথম বার সেই সব খেয়েছিলেন। দারুণ ছিল সেই প্রথম ডেট। শুধু খাবার ভাল ছিল এমন নয়, ডেটও হয়েছিল দারুণ। স্বাভাবিক ভাবেই আমি আপনার (মোদী) কাছে ঋণী।’’ প্রেসিডেন্ট হারজ়গ জানিয়েছেন, পশ্চিম এশিয়ার ভবিষ্যতের জন্য ভারত গুরুত্বপূর্ণ। মোদীকে ইজ়রায়েলের পার্লামেন্টের সর্বোচ্চ সম্মান ‘স্পিকার অফ দ্য নেসেট মেডেল’ দিয়েছে সে দেশের সরকার।

মোদীই প্রথম ভারতীয় রাষ্ট্রনেতা যিনি ‘স্পিকার অফ দ্য নেসেট মেডেল’ পেলেন। এর আগে ২০১৮ সালে মোদী প্যালেস্টাইনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ পেয়েছিলেন। প্রধানমন্ত্রিত্বের দ্বিতীয় ইজ়রায়েল সফরে বুধবার মোদী বৈঠক করছেন নেতানিয়াহুর সঙ্গে। সেখানেও গাজ়া প্রসঙ্গ এসেছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। ভূমধ্যসাগর তীরবর্তী প্যালেস্টাইনি ভূখণ্ডে শান্তি ফেরানোর উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের বৈঠকে পর্যবেক্ষক হিসাবে ইতিমধ্যেই যোগ দিয়েছে ভারত।

জার্মান নাৎসি বাহিনীর হাতে খুন হয়েছিলেন প্রায় ৬০ লক্ষ ইহুদি। তাঁদের স্মরণে ১৯৫৩ সালে ইয়াদ ভাশেন স্বারক কেন্দ্র তৈরি করেছিল ইজরায়েলের পার্লামেন্ট নেসেট। বৃহস্পতিবার সকালে সেখানে যান মোদী। তিনি ঘুরে দেখেন সেই কেন্দ্র, পুষ্পার্ঘ্য দেন। তার পরেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স অ্যাকাউন্টে জানান, নিহতদের শ্রদ্ধা জানিয়ে ‘শান্তি এবং মানবিক মর্যাদা’ বজায় রাখার যে অঙ্গীকার, তা পূরণ করা হয়েছে।

PM Narendra Modi Israel PM Benjamin Netanyahu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy