অসহ্য পেটব্যথা নিয়ে নয়াদিল্লির হাসপাতালে ভর্তি করানো হল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। মঙ্গলবার রাতে তাঁকে নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
সূত্রের দাবি, রবিবার একটি জলাশয়ের ‘দূষিত’ জল খাওয়ার দিন দুয়েক পর থেকেই পেটে ব্যথা শুরু হয় মানের। মঙ্গলবার রাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও মুখ্যমন্ত্রীর হাসপাতালে থাকার কথা অস্বীকার করেছে পঞ্জাব প্রশাসন। উল্টে প্রশাসনের কর্তাদের দাবি, মুখ্যমন্ত্রী সুস্থসবল রয়েছেন।
আরও পড়ুন:
রবিবার কালী বেন নামে একটি জলাশয়ের সংস্কারের ২২তম বার্ষিকী উপলক্ষে কপূরথালার সুলতানপুর লোধি শহরে গিয়েছিলেন মান। সেখানে বৃক্ষরোপণে কর্মসূচির মাঝে ওই জলাশয়ের এক গ্লাস জল খেয়েছিলেন। পঞ্জাবে ওই জলাশয়টি পবিত্র বলে পরিচিত। সূত্রের দাবি, এর পর মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রীর পেটব্যথা হতে থাকে। রাতে তিনি আরও অসুস্থ হয়ে পড়লে চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে মানকে আকাশপথে নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ৪৮ বছরের মান। যদিও মুখ্যমন্ত্রীর দফতর থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।