হাইলাকান্দিতে সুশাসন প্রতিষ্ঠা করতে তৎপর হবে ইউডিএফ— দলের নবনির্বাচিত বিধায়ক সুজামউদ্দিন লস্কর, নিজামউদ্দিন চৌধুরী এবং আনোয়ার হুসেন লস্করকে পাশে বসিয়ে এমনই মন্তব্য করলেন করিমগঞ্জের ইউডিএফ সাংসদ রাধেশ্যাম বিশ্বাস।
তিনি বলেন, ‘‘নতুন সরকার গঠনের পর হাইলাকান্দির তিন বিধায়কের প্রথম কাজ হবে হাইলাকান্দিতে সুশাসন প্রতিষ্ঠা ও জেলাকে দুর্নীতিমুক্ত করা। তিন দশক ধরে হাইলাকান্দির মানুষের কোনও স্বাধীনতা ছিল না বলেও দাবি করেন তিনি। রাধেশ্যামবাবু বলেন, ‘‘এত দিন এই জেলায় কার্যত কোনও প্রশাসন ছিল না। দুর্নীতির প্রতিবাদ করলে মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়া হতো। সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতেন না।’’
হাইলাকান্দির নবনির্বাচিত তিন বিধায়ক জানান, তাঁদের প্রথম লক্ষ্য হবে হাইলাকান্দিতে আইনের শাসন প্রতিষ্ঠা করে সাধারণ মানুষকে মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। একইসঙ্গে জেলায় হওয়া বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তদন্ত করানো। তাঁরা বলেন, ‘‘গৌতম রায়ের জমানা শেষ হয়েছে। এখন থেকে জেলার মানুষ তাঁদের সমস্ত প্রাপ্য ঠিকমতো পাবেন।
সাংবাদিক বৈঠকে আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘‘হাইলাকান্দির পঞ্চায়েত ও শিক্ষা বিভাগের দুর্নীতির শিকড় উপড়ে ফেলার কাজ আমি দ্রুত শুরু করব।’’ কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর তাঁর নির্বাচনী এলাকায় জঙ্গি সমস্যার সমাধান, রাস্তার উন্নয়ন, বিদ্যুৎ সমস্যার সমাধান এবং সরকারি দফতরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার কাজ শুরু করবেন বলে জানান। হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হুসেন লস্কর ইন্দিরা আবাস, কল্পতরু ও বার্ধক্যভাতা প্রকল্পে দুর্নীতি বন্ধে পদক্ষেপ করবেন বলে জানান। সাংসদ রাধেশ্যামবাবু জানান, ইউডিএফ জেলায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালাবে। তার নেতৃত্ব দেবেন তিন নবনির্বাচিত বিধায়ক।