স্বাস্থ্য পরীক্ষার জন্য হরিয়ানার গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী। বুধবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথমে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে, একটি ছোট অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন সনিয়া।
পরে কংগ্রেসের তরফে জয়রাম রমেশ একটি বিবৃতি দিয়ে জানান, রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সনিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পর প্রবীণ কংগ্রেস নেত্রী বাড়িও ফিরে গিয়েছেন।
আরও পড়ুন:
গত মার্চ মাসে অসুস্থতার কারণে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া। এক সপ্তাহে সেখানে চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরেছিলেন তিনি। সেই সময় হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ঠান্ডা এবং দূষণের জন্য সনিয়ার শ্বাসকষ্টের সমস্যা সামান্য বেড়েছিল। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বর্ষীয়ান নেত্রীকে ভর্তি করানো হয়েছিল।
চলতি বছরের জানুয়ারি মাসেও সর্দি-কাশির সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সনিয়াকে। গত বছরও একাধিক বার নানান শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৯ বছর বয়সি কংগ্রেসনেত্রী। ২০২২ সালে দু’বার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।