জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পরের দিনই বিরল দৃশ্য দেখা গিয়েছে সুপ্রিম কোর্টে। পরবর্তী প্রধান বিচারপতি বিআর গবইয়ের উদ্যোগে বুধবার দুপুরে দেশের শীর্ষ আদালত পহেলগাঁওয়ে নিহতদের আত্মার শান্তিকামনা করে তাঁদের শ্রদ্ধা জানায়। এই মর্মে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের ইতিহাসে এই ধরনের শ্রদ্ধাজ্ঞাপন আগে কখনও দেখা যায়নি। এমনকি, ২৬/১১ মুম্বই হামলার পরেও সুপ্রিম কোর্ট এমন কোনও পদক্ষেপ করেনি।
মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২৬ জনের। নিহতদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে বুধবার দুপুর ২টোয় সুপ্রিম কোর্ট দু’মিনিটের জন্য নীরবতা পালন করেছে। ওই সময়ে আদালতে উপস্থিত বিচারপতি এবং আইনজীবীরা সকলে দাঁড়িয়ে পড়েছিলেন। একে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের প্রথম সম্মিলিত প্রতিক্রিয়া হিসাবে দেখা হচ্ছে। এর আগে ভারতে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কিন্তু আদালত এই ভাবে একত্রে দাঁড়িয়ে নীরবতা পালন করেনি।
প্রথা অনুযায়ী, সুপ্রিম কোর্ট বছরে এক দিন সম্মিলিত ভাবে দাঁড়িয়ে নীরবতা পালন করে। প্রতি বছর ৩০ জানুয়ারি, সকাল ১১টায় মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডকে স্মরণ করে দু’মিনিটের জন্য নীরবতা পালন করা হয়। এই প্রথম অন্য কোনও ঘটনার স্মৃতিতে নীরবতা পালিত হল শীর্ষ আদালতে।
আরও পড়ুন:
বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। কিন্তু বুধবার তিনি দেশের বাইরে ছিলেন। তিনি অবসর নিলে পরবর্তী প্রধান বিচারপতি হবেন বিআর গবই। তাঁর উদ্যোগেই পহেলগাঁও কাণ্ডের পর আদালতে নীরবতা পালন করা হয়েছে। বিচারপতি সূর্য কান্তের সঙ্গে আলোচনা করে এই শ্রদ্ধাজ্ঞাপনের কর্মসূচি ঘোষণা করেন বিচারপতি গবই।
সূত্রের খবর, পহেলগাঁও হামলার ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আসার পর বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে মধ্যাহ্নভোজের বিরতি চলাকালীন জরুরি ভিত্তিতে বিচারপতিরা নিজেদের মধ্যে এ বিষয়ে আলোচনা করেন। পৌনে ২টো নাগাদ সুপ্রিম কোর্টে উপস্থিত সমস্ত বিচারপতি একত্রিত হন। নিয়ম মেনে ২টো নাগাদ একটি সাইরেন বেজে ওঠে। তার পর দু’মিনিটের নীরবতা পালিত হয়।
পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে বিবৃতিতে শীর্ষ আদালত বলেছে, ‘‘যে নিষ্পাপ প্রাণগুলি নিষ্ঠুর ভাবে অকালে কেড়ে নেওয়া হল, তাঁদের প্রতি সুপ্রিম কোর্ট শ্রদ্ধা জ্ঞাপন করছে। তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। নিহতদের আত্মা যেন শান্তি পায়। যাঁরা আহত, তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে আছে দেশ। কাশ্মীরে ছুটি কাটাতে যাওয়া পর্যটকদের উপর এমন হামলা নিঃসন্দেহে মানবতার প্রতি, জীবনের পবিত্রতার প্রতি অবমাননা। আদালত এর বিরোধিতা করছে।’’ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘দেশের সর্বোচ্চ আদালত শোকাহতদের পাশে দাঁড়িয়েছে। সারা বিশ্বের কাছে এবং যারা সন্ত্রাসবাদ পরিচালনা করে তাদের উদ্দেশে এটি একটি অভূতপূর্ব বার্তা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা