Advertisement
E-Paper

কুকুরের লড়াইয়ে বচসা মালিকদের, যুবককে গুলি করে খুন! গ্রেফতার তিন

গুরুগ্রামে বেআইনি ভাবে কুকুরের লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। সেই লড়াই চলাকালীন বচসায় জড়িয়ে পড়েন মালিক এবং আয়োজকেরা। যার জেরে আয়োজক যুবককে গুলি করে খুন করা হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ১২:৩১
Three men arrested for allegedly killing a man after illegal dog fight.

যুবককে গুলি করে খুন, গ্রেফতার ৩ দুষ্কৃতী। প্রতীকী ছবি।

যুবককে গুলি করে খুন করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল গুরুগ্রাম পুলিশ। অভিযোগ, তাঁরা বেআইনি ভাবে কুকুরের লড়াইয়ের আয়োজন করেছিলেন। সেই লড়াই চলাকালীন বচসায় জড়িয়ে পড়েন মালিক এবং আয়োজকেরা। যার জেরে এক আয়োজক যুবককে গুলি করে খুন করা হয়।

ঘটনাটি গুরুগ্রামের পতৌদির বাষ্পদম্‌কা গ্রামের। মৃতের নাম রাজকমল। বেআইনি কুকুরের লড়াইয়ের আয়োজন করেছিলেন তিনিই। পুলিশ জানিয়েছে, কুকুরের লড়াইকে কেন্দ্র করে একটি হোয়াটস্‌অ্যাপ গ্রুপ খোলা হয়। সেখানেই বচসায় জড়িয়ে পড়েন অনেকে।

রাজকমলকে খুনের অভিযোগে পুলিশ হিতেশ, আনন্দ কুমার এবং ভূপেন্দ্র নামের তিন জনকে গ্রেফতার করেছে। গত ২৬ ফেব্রুয়ারি কুকুরের লড়াই চলাকালীন আনন্দের কুকুর মারা যায়। এর পর হোয়াটস্‌অ্যাপ গ্রুপে অসন্তোষ প্রকাশ করেন আনন্দ। অভিযোগ, তাঁকে উদ্দেশ করে কটাক্ষ করেছিলেন রাজকমল। সেই মন্তব্যের পরে বচসা বেড়ে যায়। শেষে আনন্দকে গ্রুপ থেকে বার করে দেন রাজকমল।

এর পর রাজকমলকে খুনের পরিকল্পনা করেন আনন্দ। তিনি তাঁর দুই সঙ্গীকে নিয়ে রাজকমলকে আক্রমণ করেন। তাঁর হাত এবং পেটে গুলি লাগে। পরে মৃত্যু হয়।

ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশে তৈরি একটি পিস্তল, কার্তুজ এবং একটি গাড়ি।

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত আনন্দ পেশায় টেনিস প্রশিক্ষক। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার আরও খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Crime News Gurugram shooting Murder Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy