Advertisement
E-Paper

কানপুর ল্যাম্বরগিনি কাণ্ড: সঠিক প্রমাণ দিতে ‘ব্যর্থ’ পুলিশ, পর্যবেক্ষণ আদালতের, গ্রেফতারির কিছু পরেই জামিন অভিযুক্তের

জানা গিয়েছে, আদালতে শুনানির সময় শিবম নিজেই তাঁর হয়ে সওয়াল করেন। এর পরই পুলিশের তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে আদালত। নোটিসও জারি করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৪
তামাক সংস্থার কর্ণধারের পুত্র (কালো পোশাক) শিবম মিশ্র। ছবি: পিটিআই।

তামাক সংস্থার কর্ণধারের পুত্র (কালো পোশাক) শিবম মিশ্র। ছবি: পিটিআই।

ল্যাম্বরগিনি দুর্ঘটনা মামলায় উপযুক্ত প্রমাণ দিতে ‘ব্যর্থ’ পুলিশ। এই পর্যবেক্ষণের পরই তামাক সংস্থার কর্ণধারের অভিযুক্ত পুত্র শিবম মিশ্রকে জামিন দিল কানপুরের আদালত। বৃহস্পতিবারই শিবমকে গ্রেফতার করেছিল পুলিশ। তার পর তাঁকে আদালতে পেশ করা হয়। শিবমের বিচারবিভাগীয় হেফাজতের আবেদন জানায় পুলিশ। কিন্তু আদালত তা খারিজ করে দেয়।

জানা গিয়েছে, আদালতে শুনানির সময় শিবম নিজেই তাঁর হয়ে সওয়াল করেন। এর পরই পুলিশের তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে আদালত। নোটিসও জারি করা হয়। আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনায় ‘উপযুক্ত’ প্রমাণ দিতে পারেনি পুলিশ। তার পরই জামিন দেওয়া হয় শিবমকে। একইসঙ্গে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশের তদন্তে সব রকম ভাবে সহযোগিতা করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে শিবমকে। একইসঙ্গে পুলিশকে তদন্ত জারি রাখতে বলা হয়েছে। পুলিশের দাবি, যে সময় দুর্ঘটনা ঘটে, সেই সময় গাড়ি চালাচ্ছিলেন শিবমই। একটি এফআইআর দায়ের করা হয়। কিন্তু তার মধ্যেই অভিযুক্তেরআইনজীবী দাবি করেন, গাড়ি চালাচ্ছিলেন না শিবম। বুধবার এক ব্যক্তি আদালতে হাজির হয়ে দাবি করেন, গাড়ি চালাচ্ছিলেন তিনি। নিজেকে মোহন বলেও পরিচয় দেন। যদিও আদালত তাঁর আত্মসমর্পণের বিষয়টি খারিজ করে দেয়। তার পরই বৃহস্পতিবার শিবমকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, গত রবিবার বিকেলে কানপুরের ভিআইপি রোডে ল্যাম্বরগিনি চালাচ্ছিলেন শিবম। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মারেন। সেই ঘটনায় ছ’জন আহত হন। এই ঘটনার পরই এক ই-রিকশাচালক মহম্মদ তৌফিক শিবমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পরই তামাক কর্ণধারের পুত্রকে গ্রেফতারের তোড়জোড় শুরু হয়। ঘটনার পর থেকেই ‘পলাতক’ ছিলেন অভিযুক্ত।

Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy