ভারতের সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতা নিয়ে আলোচনার ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি মাত্র আর এক শতাংশ। শুক্রবার জানিয়ে দিলেন আমেরিকার রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। তাঁর বিশ্বাস, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্বাক্ষর হয়ে যাবে সমঝোতা।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লিতে একটি কর্মসূচিতে গোর জানান, ১ থেকে ৪ জুন ভারতে এসে বৈঠক করবে আমেরিকার প্রতিনিধিদল। নেতৃত্বে থাকবেন সে দেশের মুখ্য বাণিজ্য সমঝোতাকারী (চিফ ট্রেড নেগোশিয়েটর) ব্র্যান্ডন লিঞ্চ, যিনি আলোচনার দায়িত্বে রয়েছেন। ভারতে এসে বাণিজ্য সমঝোতা নিয়ে আলোচনা করবে দলটি। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক এর আগে জানিয়েছিল, দু’দেশের বাজার খোলা, লগ্নিতে উৎসাহ দেওয়া, আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং আমদানি শুল্ক বাদে বাণিজ্যের অন্যান্য প্রাচীর নিয়ে কথা হবে বৈঠকে।
গত এপ্রিলে ওয়াশিংটনে দুই দেশের আধিকারিকদের মধ্যে এই সমঝোতা নিয়ে আলোচনা হয়েছিল। গোর সে কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘বাণিজ্য সমঝোতার ৯৯ শতাংশ কাজ এগিয়ে গিয়েছে। মাত্র আর এক শতাংশ চূড়ান্ত হতে বাকি।’’ আগামী দিনের আলোচনা ফলপ্রসূ হবে বলেই মনে করছে দুই দেশ।
গোর জানিয়েছেন, দুই দেশের আর্থিক সম্পর্কে ইতিমধ্যেই উন্নতি হয়েছে। গত দু’দশকে পণ্য এবং পরিষেবা ক্ষেত্রে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন ২০০০ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ২২ হাজার কোটি ডলার হয়েছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১.৮৯ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ২০ লক্ষ কোটি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল বাণিজ্য, শক্তি, প্রযুক্তির ক্ষেত্রেও ভারত এবং আমেরিকার সহযোগিতায় গুরুত্ব দিয়েছেন গোর। তিনি জানিয়েছেন, দুই দেশে ডেটা সেন্টারের উন্নয়নের ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে। গোর আরও জানিয়েছেন, আমেরিকা এখন জেনেরিক ওষুধের ৪০ শতাংশ ভারত থেকে আমদানি করে। আগামী দিনে তা আরও বাড়বে।
ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির কাঠামো তৈরির জন্য দু’দেশের সমঝোতায় পৌঁছোনোর কথা ঘোষণা হয় ৭ ফেব্রুয়ারি। ৫০% থেকে ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে ১৮% করতে রাজি হয় আমেরিকা। ঠিক ছিল সেটির আইনি দিকগুলি নিয়ে কথা হবে ওয়াশিংটনে। কিন্তু তার পরেই, আমেরিকার সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ককে বেআইনি তকমা দিয়ে বাতিল করায় থমকে যায় সেই বৈঠক। উল্টে ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তদন্তে নামে ট্রাম্প প্রশাসন। ২০-২৩ এপ্রিল আমেরিকায় যায় ভারতের প্রতিনিধি দল। এ বার তারা আসছে এই দেশে।
সম্প্রতি ভারতে এসে আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো বাণিজ্য-সহ নানা ক্ষেত্রে সহযোগিতার বার্তা দিয়েছেন। সূত্রের দাবি, এই অবস্থায় জুনের বৈঠকে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হতে পারে আরও বেশি করে সমঝোতা থেকে সুবিধা আদায় করা।