Advertisement
E-Paper

ট্রাফিক আইন ভাঙায় জরিমানা করেছিলেন, হেলমেট ছাড়া স্কুটি চালিয়ে আইন ভাঙলেন সেই মহিলা পুলিশকর্মী! ভিডিয়ো দেখে নিন্দা নেটপাড়ায়

সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, ভরা রাস্তায় এক মহিলা পুলিশকর্মী হেলমেট ছাড়াই স্কুটি চালিয়ে যাচ্ছেন। ঘটনাটির তীব্র নিন্দা করেছেন নেটাগরিকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১১:১১

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দু’চাকার যান চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক। শুধু চালককেই নয়, পরতে হয় সওয়ারিকেও। সঙ্গে যদি কোনও বাচ্চা থাকে, তবে একই নিয়ম প্রযোজ্য হয় তার বেলাতেও। আর সে নিয়ম না মানলেই হয় জরিমানা। তবে অনেক সময় দেখা যায় আইন ভাঙছেন আইনের রক্ষকেরাই। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

এক্স-এর (সাবেক টুইটার) ‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ভরা রাস্তায় এক মহিলা পুলিশকর্মী স্কুটি চালিয়ে যাচ্ছেন। সওয়ারি হয়েছেন আর এক মহিলা। দু’জনের কারও মাথাতেই হেলমেট নেই। ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি বিহারের মধুবনীর।

আরও জানা গিয়েছে যে ওই মহিলা পুলিশকর্মী কিছু দিন আগে ট্রাফিক নিয়ম ভঙ্গ করার জন্য ৬০০০ টাকা জরিমানা করেন। তিনি কোন থানায় কর্মরত রয়েছেন বা কোন পদে আছেন কিছুই জানা যায়নি। তাঁর এই কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করেছেন কি না, সে বিষয়টিও অজানা রয়েছে।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ক্ষোভের সঞ্চার হয়েছে সমাজমাধ্যম জুড়ে। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। এক নেটাগরিক প্রশ্ন তুলেছেন, “নিয়মকানুন কি শুধু সাধারণ মানুষের জন্য?” আর এক সমাজমাধ্যম ব্যবহারকারী কটাক্ষ করেছেন, “জরিমানা যদি শুধু টাকার খেলা হয়, তাহলে নিয়মকানুন শুধু গরিবদের জন্যই।” কেউ আবার ঠাট্টা করে লিখেছেন, “পুলিশ কি ভিন্‌গ্রহের প্রাণী, যারা হেলমেট ছাড়াই ঘুরে বেড়াতে পারে?”

police Traffic Rule Bihar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy