Advertisement
E-Paper

‘সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের পাশে আছি’, পহেলগাঁও হত্যাকাণ্ড প্রসঙ্গে বার্তা ট্রাম্পের

পহেলগাঁওয়ে জঙ্গিহানার খবর পেয়েই আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ খোঁজ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কিছু ক্ষণ পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০২:২২
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদী (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁও হত্যাকাণ্ডের খবর পেয়েই সন্ত্রাসবাদ দমনে কড়া প্রতিক্রিয়া দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সমাজ মাধ্যম ‘ট্রুথ’-এ লিখলেন, ভারতের সঙ্গে সন্ত্রাসবাদ দমনে যৌথ মোকাবিলা করবে আমেরিকা। নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের নাগরিকদের উদ্দেশে তিনি লিখেছেন, “আমাদের পূর্ণ সমর্থন ও সহমর্মিতা আছে।” তাঁর কথায়, “আমাদের হৃদয় তোমাদের সঙ্গে।” শুধু সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া লিখেই থেমে থাকেননি ট্রাম্প। ফোন করেছিলেন মোদী কেও।

পহেলগাঁওয়ে জঙ্গিহানার খবর পেয়েই আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ খোঁজ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কিছু ক্ষণ পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন তিনি। এক্স হ্যান্ডলে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে কথা জানিয়েছেন। ফোনে নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউস থেকে আমেরিকার প্রেস সচিব ক্যারোলিন ল্যাভিট আগেই জানিয়েছিলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প। ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে তিনি জানিয়েছিলেন, “ভারতের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।” সূত্রের খবর, তার কিছু ক্ষণ পরেই দুই দেশের প্রধানের মধ্যে কথোপকথন হয়। ভূস্বর্গে সন্ত্রাসবাদী হামলায় ‘বাছাই’ করা পর্যটকদের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। সেই সঙ্গে, সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে থাকার বার্তাও দেন ট্রাম্প।

Advertisement

রণধীরের লেখা এক্স হ্যান্ডলের পোস্ট অনুযায়ী, ট্রাম্প জানিয়েছেন, ভারত ও আমেরিকা যৌথ ভাবে জঙ্গিহানার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

হত্যালীলার খবর পেয়ে আরব সফরের মাঝপথেই সরাসরি জম্মু-কাশ্মীরে যাচ্ছেন মোদী। ইতিমধ্যেই পাক জঙ্গিহানার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। ঘটনাচক্রে, বর্তমানে ভারত সফরে এসেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেই সময়েই পহেলগাঁওয়ে হত্যাকাণ্ড চালায় পাকিস্তানের জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই পরিস্থিতেই ভারতের পাশে থাকার বার্তা দিলেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট।

সংক্ষেপে
  • সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
  • সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
Pahalgam Terror Attack Pahalgam Pahalgam Incident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy