পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তরাখণ্ডের দেহরাদূন থেকে গ্রেফতার বিক্রান্ত কাশ্যপ নামে এক যুবক। তাঁর কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বছর ঊনত্রিশের ওই যুবককে প্রেমনগর থেকে শুক্রবার গ্রেফতার করে পুলিশ।
ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, দেহরাদূনের বিভিন্ন সরকারি দফতর, প্রতিরক্ষা দফতরের ছবি এবং তিনি ভিডিয়ো পাকিস্তানে পাঠিয়েছেন। প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে, বিক্রান্তের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাক জঙ্গি শাহজাদ ভাট্টির নিয়মিত যোগাযোগ ছিল। দেহরাদূনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা এবং ভিড়বহুল এলাকায় বোমা বিস্ফোরণের ছক ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
শুধু তা-ই নয়, তদন্তকারী সূত্রে খবর, পুলিশের সদর দফতর, আইএসবিটি-সহ আরও কয়েকটি জায়গায় বোমা রাখারও ছক ছিল বিক্রান্তের। হামলার পর কী ভাবে, কোন রাস্তা ধরে দেশ ছেড়ে পালাতে হবে সেই তথ্যও ধৃতের মোবাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৪-২৫ সালে পঞ্জাবের নাভা জেলায় থাকতেন বিক্রান্ত। পাকিস্তান থেকে তাঁকে নির্দেশ দেওয়া হচ্ছিল। নেপাল হয়ে দুবাইয়ে পালানোর পরিকল্পনাও ছিল বিক্রান্তের। কিন্তু গত কয়েক দিন ধরেই দেহরাদূনের বিভিন্ন জায়গায় তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান (টিটিএএইচ) লেখা দেখা যাচ্ছিল। কে বা কারা লিখছে, সেই সূত্র ধরে তল্লাশি শুরু করতেই হদিস মেলে বিক্রান্তের।