পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোনে রমজানের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তাঁকে বলেন, পবিত্র এই সময়ে ভারতে বন্দি পাক ধীবরদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেন মোদী। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, মায়ানমারে অভিযান সব প্রতিবেশী দেশকেই বার্তা বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর। ফলে প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। তার আগে বাংলাদেশ তৈরিতে ভারতের ভূমিকা নিয়ে মোদীর মন্তব্যেও ক্ষুব্ধ হয়েছিল ইসলামাবাদ। কিছু দিনের মধ্যেই রাশিয়ায় সাংহাই কো-অপারেশন গোষ্ঠীর বৈঠক হওয়ার কথা। জুলাইয়ে রয়েছে সার্ক শীর্ষ সম্মেলনও। মনে করা হচ্ছে, সে দিকে তাকিয়েই মোদীর সৌহার্দ্য-বার্তা।