সারাদিন বাইরে ধুলোবালি, ধোঁয়া এবং রোদে থাকার পরে যখন বাড়ি ফেরেন, তখন ত্বক ভাল ভাবে পরিষ্কার করা জরুরি। আপনি তা করেনও। ফেসওয়াশ দিয়ে ভাল ভাবে মুখ পরিষ্কার করেন। কিন্তু তাতে কি সারা দিনের ধুলোবালি মুখ থেকে চলে যাচ্ছে। একেবারেই যাচ্ছে না। আর যখন সেই ধুলোবালি ত্বকে থেকে যাচ্ছে, তখন তা থেকে নানা ধরনের ত্বকের সমস্যা শুরু হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত সাবান থেকেও ত্বকের ক্ষতি হতে পারে। সে ক্ষেত্রে ত্বকের ক্ষথি এড়িয়ে ত্বক সম্পূর্ণ ‘ডিটক্স’ করবেন কী ভাবে?
১. ডাবল ক্লিনজিং
বাইরের ধুলোবালি এবং বিশেষ করে যদি সানস্ক্রিন বা মেকআপ ব্যবহার করেন, তবে শুধু ফেসওয়াশ যথেষ্ট নয়।
প্রথম ধাপ: নারকেল তেল, আমন্ড অয়েল বা কোনো ভালো ক্লিনজিং অয়েল দিয়ে ২ মিনিট মুখে ম্যাসাজ করুন। এতে ময়লা আলগা হয়ে যাবে। এরপর ভেজা তুলো বা নরম কাপড় দিয়ে মুছে নিন।
দ্বিতীয় ধাপ: এর পরে ত্বকের ধরন অনুযায়ী মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
২. হালকা গরম জলের ভাপ
সপ্তাহে ২-৩ দিন মুখ ধোয়ার পর হালকা গরম জলের ভাপ নিতে পারেন। এতে রোমকূপের মুখ খুলে যায় এবং ভেতরে আটকে থাকা দূষণ বেরিয়ে আসে। তবে খেয়াল রাখবেন জল যেন খুব বেশি গরম না হয়।
৩. টোনারের ব্যবহার
মুখ ধোয়ার পর ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখা জরুরি। অ্যালকোহল-মুক্ত টোনার বা সাধারণ গোলাপ জল ব্যবহার করুন। এটি রোমকূপ সংকুচিত করতে এবং ত্বককে আরাম দিতে সাহায্য করে।
৪. ময়েশ্চারাইজার ও সিরাম
পরিষ্কার করার পর ত্বক আর্দ্রতা হারায়। তাই ত্বকের ধরন বুঝে একটি ভালো ময়েশ্চারাইজার লাগান। রাতে ঘুমানোর আগে ভিটামিন-সি যুক্ত সিরাম ব্যবহার করতে পারেন, যা দূষণের কারণে হওয়া ত্বকের অক্সিডেটিভ ড্যামেজ মেরামত করে।