Advertisement
E-Paper

চুলে রাসায়নিক রং নয়, প্রাকৃতিক উপায়ে হোক সাধপূরণ, কোন রঙের জন্য কেমন উপকরণ বাছবেন?

পাকা চুল ঢাকতে ডাই করান কমবেশি সকলেই। বাজারচলতি নামী ব্র্যান্ডের হেয়ার ডাইও কিন্তু চুলের জন্য ভাল নয়। কারণ এত রকম রাসায়নিক তাতে থাকে যা চুলের প্রাকৃতিক রঞ্জক নষ্ট করে দেয়। তাই রাসায়নিক রং নয়, বাড়িতে প্রাকৃতিক উপাদানেই সাধ পূরণ করে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৭
Check out these best natural hair colour alternatives to harsh dyes

কোন রঙের জন্য কেমন উপকরণ বেছে নেবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

চুল হাইলাইট করার শখ হয়েছে? অনেকেই আছেন যাঁরা পার্লারের স্থায়ী হাইলাইটের রং পছন্দ করেন না। তা ছাড়া, পার্লারে ব্যবহৃত রাসায়নিক চুলের ক্ষতিও করে। তাই পাকা চুল ঢাকতে অনেকে বাড়িতেই ডাই করান। বাজারচলতি রাসায়নিক হেয়ার ডাই সাময়িক ভাবে চুল কালো বা রঙিন করলেও, এতে থাকা অ্যামোনিয়া ও প্যারাবেন চুলের গোড়া দুর্বল করে দেয়। এর থেকে মাথার ত্বকে অ্যালার্জিও হয়। অথচ ঘরের সাধারণ কিছু উপকরণ দিয়েই প্রাকৃতিক হেয়ার ডাই তৈরি করতে পারেন।

কোন রঙের জন্য কী কী উপকরণ ব্যবহার করবেন?

গাঢ় খয়েরি রং

চুলে গাঢ় খয়েরি রং বা ওই রঙেরই হাইলাইট করার জন্য কেনা ডাই নয়, বরং কফি ও হেনা পাউডার মিশিয়ে নিলেই হবে। এক কাপের মতো জলে কফি দিয়ে ফুটিয়ে লিকার তৈরি করে নিন। রং কতটা গাঢ় চান, সেই বুঝে কফি পাউডার নেবেন। এক কাপ জলে ৩-৪ চামচ নিলেই হবে। লিকার ঘন হয়ে এলে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন। এ বার এতে হেনা পাউডার মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। পরের দিন চুলে মেখে ১-২ ঘণ্টা রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে নিন।

লালচে বা মেরুন হাইলাইটের জন্য

এখন অনেকেই চুলে লালচে বা মেরুন রঙা হাইলাইট পছন্দ করেন। তার জন্য জরুরি ১ কাপ বিটের রস ও ১ চামচ নারকেল তেল। বিটের রসে সঙ্গে নারকেল তেল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এর পর এটি চুলে ভাল করে লাগিয়ে নিন। একটি শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন অন্তত ১ ঘণ্টা। রোদে বসলে রং আরও গাঢ় হবে। এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

সোনালি হাইলাইট

চুলে হালকা সোনালি হাইলাইট ঘরেই তৈরি করে নিতে পারেন। তার জন্য লাগবে ক্যামোমাইল চা ও লেবু। দু’কাপের মতো ক্যামোমাইল চা বানিয়ে নিন। চায়ের লিকার ঘন হতে হবে। এর পর তাতে লেবুর রস মিশিয়ে নিন। একটি স্প্রে বোতলে চায়ের মিশ্রণ নিয়ে সারা চুলে মেখে নিন। এর পর অন্তত এক ঘণ্টার মতো রোদে চুল শুকোতে হবে। তার পর চুল ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নিন।

Natural Hair Dye Grey Hair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy