শীত হোক বা গরম, তৈলাক্ত ত্বক মানেই ব্ল্যাকহেডসের সমস্যা। আর নাকের ত্বক খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। বাইরের ধুলোময়লা লেগে ব্ল্যাকহেডসও দেখা দেয় খুব তাড়াতাড়ি। মেকআপ করেও তা ঢাকা যায় না। আবার খাঁজে উঁকি দেয় ব্রণ-ফুস্কুড়িও। কোনও ভাবেই ঢাকা যায় না নাকের দাগছোপ। নাকে কালচে দাগ থাকলে বা নাকের ত্বক শুকিয়ে গেলে দেখতে মোটেও ভাল লাগবে না। তা হলে কী করবেন?
নাকের পরিচর্যা করার উপায়
নাক পরিষ্কার করার জন্য কখনও ক্ষারযুক্ত সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবেন না। এতে ত্বক আরও শুষ্ক হয়ে দাগছোপ পড়বে। সবসময় হাইড্রেটিং ক্লিনজ়ার ব্যবহার করুন।
মুখ ধোয়ার পর ভাল ময়েশ্চারাইজ়ার বা হাইয়ালুরোনিক অ্যাসিড যুক্ত ক্রিম দিকে নাক ও তার দু’পাশে মালিশ করতে হবে।
আরও পড়ুন:
গোলাপ জলে কর্পূর মিশিয়ে রেখে দিন। তুলো দিয়ে এই জল ভাল করে নাকের উপর এবং দু’পাশে লাগান। নিয়মিত লাগালে কিছু দিন পর থেকেই দেখতে পাবেন, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা দূর হয়েছে।
কী কী মাখবেন?
ঘরোয়া কিছু ফেসপ্যাকেও নাকের ত্বকের উজ্জ্বলতা বাড়বে। দাগছোপ দূর হবে।
মধু ও কলার হাইড্রেটিং প্যাক
একটি পাকা কলা চটকে তার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এই প্যাকটি নাকে ও নাকের চারপাশে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। এর পর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
টক দই ও ওট্সের ডি-ট্যান প্যাক
এক চামচ ওট্সের গুঁড়োর সঙ্গে টক দই মিশিয়ে ৫ মিনিট রেখে দিন যাতে ওট্স নরম হয়। এর পর এটি নাকে লাগিয়ে বৃত্তাকার বা গোল গোল করে আলতো হাতে মালিশ করুন। ১০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।
দুধ ও হলুদের প্যাক
ত্বকের প্রাকৃতিক ময়েশঅচারাইজ়ার হিসেবে কাজ করে দুধ। হলুদ ত্বকের দাগছোপ দূর করে। দুই উপকরণ মিশিয়ে নিয়ে তাতে কয়েকফোঁটা গোলাপজল মিশিয়ে দিন। এই মিশ্রণ ভাল করে মালিশ করে মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন।