ওজন কমানোর মতো ত্বকের যত্ন নেওয়াও সহজ নয়। বাজারচলতি কিছু প্রসাধনী ব্যবহার করা ত্বকের যত্নের শেষ কথা নয়। ব্রণ, তৈলাক্ত ভাব, র্যাশ— এগুলি হল ত্বকের সাধারণ কিছু সমস্যা। অনেকেই নাজেহাল হয়ে পড়েন এগুলি নিয়ে। সমস্যা দেখা দিলে তখন সমাধানের কথা মনে পড়ে। কিন্তু কিছু নিয়ম যদি মেনে চলা যায়, তা হলে কোনও সমস্যা হয় না। ত্বক অত্যন্ত স্পর্শকাতর। তাই কোনও অনিয়মই সহ্য করে না। গরম পড়ে গিয়েছে। এই সময় ত্বকের যত্নে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। সুস্থ ত্বক পেতে কোন ভুলগুলি করবেন না?
১) সানস্ক্রিন না মেখে বাড়ি থেকে বেরোনো চলবে না। শুধু তা-ই নয়, বাইরে বেরোলেও সঙ্গে সানস্ক্রিন সঙ্গে রাখতে হবে, ঘণ্টা দুয়েক পর পর মাখতেও হবে। সানস্ক্রিন কেবল মুখে মাখলেই হবে না, হাতে-পায়েও মাখতে হবে।
২) গ্রীষ্মকালে মাঝে মাঝে মুখে জলের ঝাপটা দেওয়ার অভ্যাস অনেকের আছে। অনেকে মনে করেন বার বার মুখ ধুলে বুঝি ঘাম কম হয়, মুখের তেলতেলে ভাব কমে। তবে এই ধারণা ভুল। বার বার মুখ ধোয়ার কারণে তৈলাক্ত ত্বকের সমস্যা আরও বেড়ে যেতে পারে।
৩) গ্রীষ্মকাল মানেই জেল বেস্ড প্রসাধনীকে গুরুত্ব দিতে হবে। এই সময় প্রসাধনীর বাক্সে যতগুলি অয়েল বেসড প্রসাধনী আছে সেগুলিকে তুলে রাখাই ভাল। গরমের দিনে এই প্রসাধনীগুলি ব্যবহারের কারণে ত্বকের সমস্যা বেড়ে যেতে পারে।
৪) শুধু মেকআপ করলে হবে না, ব্রাশগুলিও যত্নে রাখতে হবে। অনেক দিন ধরে একই ব্রাশ দিয়ে মেকআপ করা ঠিক নয়। তাতে সাময়িক কাজ হয়তো চলে যায়। কিন্তু পরবর্তী সময়ে এর ফল ভুগতে হতে পারে। একটি ব্রাশ ১৫ দিনের বেশি ব্যবহার করবেন না। তাতে ত্বক যত্নে থাকবে।
৫) গরমে যতই নামীদামি প্রসাধনী ব্যবহার করুন না কেন, শরীরে জলের ঘাটতি হলে সেই প্রভাব পড়বে ত্বকেও। তাই গরমে বেশি করে জল খাওয়া জরুরি। জলের পাশাপাশি ডাবের জল, দইয়ের ঘোল, জলযুক্ত ফল বেশি করে রাখতে হবে রোজের ডায়েটে।