প্রসাধনীর বাক্স ভরে গিয়েছে ম্যাট লিপস্টিকে। তবে এ বার চমকের প্রয়োজন ঠোঁটেও। বেশ কিছু বছর ধরে লিপস্টিকের বাজারে ম্যাট লিপস্টিক রাজত্ব করলেও, আবার ক্ষমতা দখলের লড়াইয়ে ফিরছে শিমার লিপস্টিক। বিয়ের মেকআপ লুক হোক বা রোজের সাজগোজ, ইদানীং নামমাত্র মেকআপের দিকেই ঝুঁকছে তরুণ প্রজন্ম। তবে মেকআপ হালকা রাখলেও ঠোঁটরাঙানির ক্ষেত্রে একটু পরীক্ষা নিরীক্ষা করতে ক্ষতি কী? রূপটানের ক্ষেত্রে আবারও ‘স্পটলাইট’ কেড়ে নিচ্ছে ঠোঁট। ঠোঁটের সাজে আলাদা মাত্রা আনছে ডিস্কোর মেজাজ।
ডোনা সামার। ছবি: সংগৃহীত।
ঠোঁটে কী ভাবে আনা হয় ডিস্কোর মেজাজ?
কোনও ডিস্কোতে গেলেই সবার আগে যেমন চোখে পড়ে আলোর ঝলকানি, ঠোঁটরাঙানির ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই। ঠোঁটের সাজে এতটাই চমক আনা হয় যে, কাউকে দেখলে সবার আগে তাঁর ওষ্ঠাধরের দিকেই নজর পড়বে। এ ক্ষেত্রে গ্লিটার, গ্লস, শিমার, সবের মিলমিশেই সাজানো হয় ঠোঁট। গ্লিটার ইনফিউজ্ড লিপগ্লস, ফয়েল্ড বা ক্রোম ফিনিশ লিপস্টিক, হলোগ্রাফিক বা ডুয়োক্রোম লিপ টপার— এই সব ধরনের প্রসাধনীর কারসাজিতেই ঠোঁটে আসে ডিস্কোর চমক।
(বাঁ দিকে) রিহানা, লেডি গাগা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
সত্তরের দশকে তখন বিশ্বজুড়ে ডিস্কোর জনপ্রিয়তা তুঙ্গে। নজর কেড়েছিল আমেরিকার অভিনেত্রী ও গায়িকা ডোনা সামারের ‘ডিস্কো লুক’। চড়া আই মেকআপ আর চকচকে লিপস্টিক পরে মঞ্চে তাঁর আবির্ভাব, তৈরি করেছিল আলাদা স্টাইল স্টেটমেন্ট। পরবর্তী সময়ে পপ কালচারের সাজপোশাকে বারংবার গুরুত্ব পেয়েছে ‘ডিস্কো লিপ্স’। লেডি গাগা থেকে রিহানা, মঞ্চে হোক বা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে— গায়িকাদের সাজে ধরা পড়েছে ডিস্কোর আমেজ। পপ তারকাদের গানের পাশাপাশি, তাঁদের সাজগোজ নিয়েও অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছিল দারুণ উন্মাদনা। প্রিয় গায়িকার সাজ অনুকরণ করতেও শুরু করেন অনুরাগীরা।
শান’ ছবিতে ‘পেয়ার করনেওয়ালে’ গানের দৃশ্যে পারভিন বাবি। ছবি: সংগৃহীত।
কেবল বিদেশেই নয়, ভারতের অভিনেত্রীরাও ঠোঁটে সাহসী ছোঁয়া আনতে পিছু পা হননি। বড় পর্দায় নায়িকাদের সাজকে আরও বেশি চটকদার করতে, তাঁদের চরিত্রকে আরও বেশি জোরালো করতে ঠোঁটরাঙানিতে ডিস্কোর ঝলকানি দেওয়ার ফ্যাশন শুরু হয়েছিল ভারতেও। পরভিন বাবি, জ়িনাত আমন, রেখা, শ্রীদেবীর মতো অভিনেত্রীরা খুবই দক্ষতার সঙ্গে সেই সাজ বহনও করেছিলেন। ‘শান’ ছবিতে ‘পেয়ার করনেওয়ালে’ গানের দৃশ্যে আঁটোসাঁটো রুপোলি ড্রেসের সঙ্গে পরভিন বাবির চকচকে গোলাপি ঠোঁটের কারণে পুরো গানের দৃশ্যেই দর্শকের নজর আটকে ছিল কেবল অভিনেত্রীর উপর। চকচকে ঠোঁটরাঙানি পরে একের পর এক ছবিতে নজর কাড়েন জ়িনাত আমন। ‘বচ্ কে রেহনা রে বাবা’, ‘লায়লা ও লায়লা’, ‘আপ জ্যায়সা কোয়ি’— এমন একাধিক গানের দৃশ্যে জ়িনাতের ‘সাহসী’ ঠোঁটের ফ্যাশন দেখে ঝড় উঠেছিল অনেক পুরুষ হৃদয়ে।
ঠোঁট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন রেখা। ছবি: সংগৃহীত।
ঠোঁট নিয়ে যে বলি অভিনেত্রীরা পরীক্ষা নীরিক্ষা করতে ভালবাসেন, তাঁদের মধ্যে রেখার নাম না করলেই নয়। ছবির পর্দাতেই নয়, বাস্তব জীবনেও রেখার ঠোঁটের ফ্যাশন আর পাঁচজনের থেকে একেবারেই আলাদা। ঠোঁটরাঙানিতে ডিস্কোর ঝলকানি আনতে পছন্দ করতেন রেখা। তাঁর বিভিন্ন চরিত্রে কখনও সোনালি রং, কখনও আবার তামাটে রঙের লিপস্টিক পরেছেন রেখা। কখনও আবার ঠোঁট রাঙিয়েছেন চকচকে লাল লিপস্টিকের শেডে। বিভিন্ন ফ্যাশন ম্যাগাজ়িনের শুটেও রেখাকে দেখা গিয়েছে ঠোঁট নিয়ে নানা কারসাজি করতে। ‘উমরাও জান’, ‘উৎসব’, ‘খুন ভরি মাং’, ‘খিলাড়িয়োঁ কা খিলাড়ি’, ‘পরিণীতা’-র মতো একাধিক ছবিতে রেখার ঠোঁটের ফ্যাশনে ধরা পড়েছে ডিস্কোর মেজাজ।
কিন্তু এ কালের বলি অভিনেত্রীদের ফ্যাশনে আবার ‘মিনিমালিস্টিক মেকআপ’ করার চলই গুরুত্ব পায়। তবে ধারা বদলাচ্ছে। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্টের ফ্যাশনে এখনও চোখে না পড়লেও জাহ্নবী কপূর কিন্তু ইতিমধ্যেই পুরনো দিনের ফ্যাশনে নিজেকে সাজাতে শুরু করেছেন। শ্রীদেবীর মতো জাহ্নবী ঠোঁট রাঙাতে শুরু করেছেন মেটালিক জেল লিপস্টিকের শেডে। বিভিন্ন ম্যাগাজ়িনের শুট হোক বা বলিউডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান— জাহ্নবীর ঠোঁটেও দেখা যাচ্ছে ডিস্কো আমেজ। বলিউডের দেখানো পথেই তরুণ প্রজন্ম চলেছে বারবার। অনেকেই এখন ন্যুড, ম্যাট লিপস্টিকের বাইরে চকচকে, শিমারি লিপস্টিক বেছে নিচ্ছেন বিশেষ দিনের সাজের জন্য। ‘ডিস্কো লিপ’ রোজের ফ্যাশনের অংশ নয়, তবে বিশেষ দিনের জন্য বিশেষ ভাবে ঠোঁট রাঙাতে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। ডিস্কো ঠোঁটের ফ্যাশন আবারও ফিরছে সাজের দুনিয়ায়।
ঠোঁটে ডিস্কোর আমেজ আনতে বেছে নিতে পারেন ৫ প্রসাধনী
· ম্যাক ড্যাজ়লগ্লাস লিপ গ্লস (দাম ১৬০০ টাকা)
· হুডা বিউটি ফক্স ফিলার গ্লস (দাম ২০৫০ টাকা)
· শ্যানেল রুজ় কোকো গ্লস ময়েশ্চারাইজিং গ্লস (দাম ৩৮০০ টাকা)
· ডিওর অ্যাডিক্ট লিপ ম্যাক্সিমাইজা়র গ্লস প্লাম্পার (দাম ৪,৪০০ টাকা)
· ফেন্টি বিউটি গ্লস বম্ব ইউনিভার্সাল লিপ লুমিনাইজ়ার (দাম ২৪০০ টাকা)