অফিস থেকে ফিরেও রাত পর্যন্ত ল্যাপটপ কোলে নিয়ে কাজ করতে হয়। সপ্তাহান্তে ছুটির দিনে রাত জেগে সিনেমা বা সিরিজ় দেখার অভ্যাসও রয়েছে। আর এই রাত জাগার অভ্যাসেই চোখের তলায় ফোলা ভাব দেখা দিচ্ছে। চিকিৎসকেরা বলেন, দেহে তরলের ভারসাম্যের অভাব, অ্যালার্জি কিংবা বয়সজনিত কারণে ‘পাফি আইজ়’ বা চোখের তলায় ফোলা ভাব দেখা দেয়। এ ছাড়া অতিরিক্ত ‘স্ক্রিন টাইম’-এর ফলে বা ঘুম কম হলেও এই ধরনের সমস্যা দেখা দেয়।
চোখের তলায় ফোলা ভাব কমাতে বাজারে অনেক রকমের প্রসাধনী পাওয়া যায়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই সেগুলি তেমন কাজ করে না। যখন চোখের চারপাশের টিস্যুগুলি জল সংগ্রহ করতে শুরু করে তখনই চোখের চারপাশটা ফুলতে শুরু করে। এই সমস্যা থেকে রেহাই পেতে অনেকেই চোখের উপর ব্যবহৃত ঠান্ডা টি-ব্যাগ ব্যবহার করেন। তবে এ ছাড়াও রয়েছে আরও উপায়। কোন কোন ঘরোয়া উপায় মানলে এই সমস্যার হাত থেকে নিস্তার মিলবে, রইল হদিস।
১) চোখের ফোলা ভাব দূর করতে বাড়িতে তৈরি সিরাম ব্যবহার করতে পারেন। সিরাম বানানোর জন্য ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ২ ফোঁটা ভিটামিন ই অয়েল, ১ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ভাল করে মিশিয়ে নিন। এ বার চোখের চারপাশে মিশ্রণটি মেখে মিনিট দশেক রেখে পরিষ্কার ভিজে কাপড় দিয়ে মুছে ফেলুন।
২) সৈন্ধব লবণের অস্মোটিক গুণ রয়েছে। এই নুন চোখের তলায় জমা অতিরিক্ত জল শুষে নিতে পারে। চোখের ফোলা ভাব কমাতে অর্ধেক বাটি গরম জলে আধ চা চামচ সৈন্ধব লবণ মিশিয়ে নিন। এ বার তুলোর প্যাড সেই মিশ্রণে ডুবিয়ে সেই তুলো দিয়ে চোখের তলার দিকটা আলতো হাতে মালিশ করুন মিনিট পাঁচেকের জন্য। এই টোটকাতেও চোখের ফোলা ভাব দূর হবে। শুধু চোখের ভিতর যেন নুন-জল ঢুকে না যায় সে দিকে লক্ষ রাখতে হবে।
৩) চোখের তলায় ফোলা ভাব দূর করতে নারকেল তেল দিয়ে মালিশ করা যেতে পারে। এর জন্য দু’টি আঙুলে খানিকটা তেল নিয়ে চোখের তলায় মালিশ করুন। মালিশের সময় আঙুলগুলি যেন ভিতর থেকে বাইরের দিকে যায় সে বিষয়টি খেয়াল রাখুন।