Advertisement
E-Paper

যে রং এসে চিত্তে লাগে, মনের বর্ণে রঙিন হোক উৎসব, দোলের ফ্যাশনে সাজ হোক নিজের চেতনার রঙে

বসন্তের প্রকৃতি যেন এক নবজীবনের উৎসব। রূপে-রঙে, আলোয়-আহ্লাদে, আকাশে-অবকাশে সেই জীবনে শুধুই পূর্ণতার প্রকাশ। ফাগুন মাসে, দোলপূর্ণিমায় প্রকৃতির এই রঙিন ঐশ্বর্যকে বরণ করে নেওয়ার প্রস্তুতি।

শর্মিলা বসুঠাকুর

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৩
How to deck up for dol utsav which is an important part of spring fashion

ফ্যাশন তো মন বাদ দিয়ে নয়, প্রকৃতি বাদ দিয়ে নয়। — নিজস্ব চিত্র।

নানা ঋতুর নানা রং। এটা প্রথম জেনেছিলাম ছোটবেলায় ঋতুরঙ্গ নৃত্যনাট্য করতে গিয়ে। তখন শিমুল, পলাশ, বকুল জুঁই, শিউলি, ছাতিম কিংবা আমের মুকুলের হাত ধরে ঋতুর রং চেনার বয়স বা বোধ হয়নি আমার। কঠিন পাঠ্যপুস্তকের সহজ মানেবইয়ের মতো নাচ করতে গিয়ে হাতেকলমে শিখে গেছিলাম গ্রীষ্মের রং লাল, বর্ষা মানেই সবুজ আর বসন্তের রং হলুদ। প্রকৃতি থেকে আহরিত রঙের সঙ্গে আমাদের প্রাণে দখিন হাওয়া বয়ে যাওয়ার উচ্ছ্বাস, উৎসব কিংবা সব খোয়ানোর বেদনা বোঝার পূর্ণতা তখনও আসেনি। ধীরে ধীরে বয়স, অভিজ্ঞতা, মেলামেশা, পেশা নানা পথে বিচরণের বিন্যাসে বুঝতে শিখলাম রং আসলে একটি ধারণা। এবং তা শুধুই বস্তুনির্ভর নয়। সেখানে এসে মেশে বোধের রং, চৈতন্যের রং, ভাবের রং। সে আমাদের হৃদয়ের অংশ। আমাদের মনের মধ্যেও এই সব রঙের বাসা আছে। তাই তো অশোকে-কিংশুকের লালিমায় মনের অলক্ষে রং লাগে, অকারণে সুখের বাতাস বয়। আমাদের মনের মধ্যে পুষে রাখা রঙের সঙ্গে নিরন্তর চলে আমাদের কান্না-হাসির দোল দোলানো পৌষ-ফাগুনের পালা। রং খেলার দিনে আমাদের রঙের লীলা তাই প্রকৃতির হাত ধরে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের ভিতর থেকে উপচে পড়া চেনা রংগুলো আকাশে-বাতাসে, প্রকৃতির আনাচ-কানাচে ছড়িয়ে থাকা রঙের সঙ্গে আজ মিলেমিশে একাকার। সবার রঙে রং মেশানোর দিন আজ।

প্রকৃতির থেকে রং ধার নিয়ে রঙে-রসে সাজিয়ে ফেলুন নিজেকে, এই দোলপূর্ণিমায়।

প্রকৃতির থেকে রং ধার নিয়ে রঙে-রসে সাজিয়ে ফেলুন নিজেকে, এই দোলপূর্ণিমায়। — নিজস্ব চিত্র।

রং খেলার দিনে ঢোকার আগে আর এক বার আসি ছেলেবেলায় ‘ঋতুরঙ্গ’ থেকে শেখা রঙের পাঠে। এই যে এক-একটা ঋতুর পরিচয় এক একটা রঙে, তা ভুল নয়। কিন্তু পরে বুঝেছি, এই বিভাজন খুব দৃঢ়ও নয়। খানিকটা রবীন্দ্রনাথের গানের পর্যায় বিভাজনের মতো। অনেক সময়ই একে অপরের সঙ্গে মিলেমিশে যায়। রঙের মনস্তাত্ত্বিক আঙ্গিক মেনে নিলে এটাই স্বাভাবিক। তাই বসন্ত মানেই হলুদ, এ কথা যেমন সত্যি, বসন্ত মানে রঙের জোয়ার, খুশির ফোয়ারা, সে কথাও সত্যি। বসন্তের প্রকৃতি যেন এক নবজীবনের উৎসব। রূপে-রঙে, আলোয়- আহ্লাদে, আকাশে-অবকাশে সেই জীবনে শুধুই পূর্ণতার প্রকাশ। নববসন্তের এই দানের ডালি সেজে ওঠে গোলাপি, লাল, হলুদ, কমলার বর্ণবৈভবে। ফাগুন মাসে, দোলপূর্ণিমায় প্রকৃতির এই রঙিন ঐশ্বর্যকে বরণ করে নেব না?

বসন্ত মানেই হলুদ, এ কথা যেমন সত্যি, বসন্ত মানে রঙের জোয়ার, খুশির ফোয়ারা, সে কথাও সত্যি।

বসন্ত মানেই হলুদ, এ কথা যেমন সত্যি, বসন্ত মানে রঙের জোয়ার, খুশির ফোয়ারা, সে কথাও সত্যি। — নিজস্ব চিত্র।

ফ্যাশন তো মন বাদ দিয়ে নয়, প্রকৃতি বাদ দিয়ে নয়। প্রকৃতির রূপ, রং, রেখাই তো বিশিষ্ট ডিজ়াইনারদের সৃষ্টির ইন্সপিরেশন। আর রং নিয়ে ফ্যাশনের ব্যাকরণে পাতার পর পাতা রাশি রাশি বক্তব্য। একই পরিবারের মা-বাবা ছেলে-মেয়ে দাদু-ঠাকুমার গভীর ভালবাসার বন্ধনের মতো একটিই রঙের নানা শেডের পারস্পরিক বোঝাপড়ার সন্ধানে মোনোক্রম কারও পছন্দ, তো কেউ ভালোবাসেন দুই রঙের যুযুধান লড়াই। কালার কন্ট্রাস্ট। গোয়ার বিখ্যাত ডিজ়াইনার, অসময়ে চলে যাওয়া, ওয়েন্ডেল রডরিকসের বহু কালেকশনে এই রঙের লড়াই দেখা যেত। আবার কাশ্মীরের গ্ল্যামারাস ডিজ়াইনার রোহিত বাল যেন সর্বদাই শান্তির বাণী বয়ে আনতে পছন্দ করতেন। কাটের খেলায় মুনশিয়ানা দেখাতেন সাদা বা একটি রংকে আশ্রয় করে। কালার ব্লকিংয়ের চটক তো বহু মানুষেরই পছন্দ। ওই, ঘুরেফিরে আমাদের মনের মধ্যে পুষে রাখা প্রিয় রঙের থিয়োরিতে ফিরে আসা।

ফাগুন মাসের শান্তিনিকেতনে শুধুই আনন্দ, স্থলে জলে বনতলে লাগল যে দোল। তাই দেখে বসন্তকে শুধুই হলুদ রঙের ঘেরাটোপে বন্দি করতে মন চায় না। তাই বেছে নিলাম নানা রং, আবিরের অনুষঙ্গ মাথায় রেখে। ফ্যাশনে সলিড কালার সব সময় কাঙ্ক্ষিত। স্টাইলাইজেশনের সুযোগ বেশি। এখানে সঙ্গীত ভবনের দুই কন্যাকে সাজিয়েছি একরঙা শাড়িতে। এখনও তাদের মনের রং সবুজ, হয় কথা নয় কথায় হেসে গড়িয়ে পড়ার সময়। সেই সহজিয়া সুর বজায় রাখতে মেকআপের বাহুল্যকে সযত্নে এড়িয়ে চলেছি। সুতির একরঙা শাড়ি, প্রিন্টেড ব্লাউজ, মাথায় এক থোকা ফুল... আর কী চাই! স্বীয় সত্তাকে বজায় রেখে সাজাই তো ফ্যাশনের গোড়ার কথা।

প্রকৃতির থেকে রং ধার নিয়ে রঙে-রসে সাজিয়ে ফেলুন নিজেকে, এই দোলপূর্ণিমায়। সাজিয়ে নিন নিজের জীবনকেও।

(মডেল: ঐশী, সূচনা, ছবি: সহেলি দাস মুখোপাধ্যায়, স্থান: গুলঞ্চ হোম স্টে, অ্যান্ড্রুজ় পল্লি, শান্তিনিকেতন, গীতাঞ্জলি, পূর্বপল্লি, শান্তিনিকেতন)

Spring Fashion Dol Yatra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy