ঘাম, ধুলো-ময়লা, আর্দ্রতার কারণএ গরমের সময়ে ত্বকের অবস্থা বেহাল হয়ে যায়। বিশেষ করে ত্বক যদি খুব স্পর্শকাতর হয়, তা হলে সঠিক ভাবে যত্ন না নিলে ব্রণ-ফুস্কুড়ি বেরিয়ে যেতে পারে। র্যাশের সমস্যাও দেখা দিতে পারে। গরমে এমনিতেও তেলচিটে ভাব চলে আসে ত্বকে। উপরন্তু যদি আপনার ত্বক তৈলাক্ত এবং ব্রণপ্রবণ হয়, তা হলে বাড়তি ঝক্কি। সে ক্ষেত্রে কী ভাবে ত্বকের যত্ন নেবেন?
স্পর্শকাতর ত্বকের যত্ন নিতে বাড়িতেই কিছু ফেস-প্যাক বানিয়ে নিন। বাজারচলতি প্রসাধনীতে এত বেশি রাসায়নিক থাকে, যা ত্বকের জন্য ক্ষতিকর। তাই ঘরোয়া উপকরণই সে ক্ষেত্রে নিরাপদ ও কার্যকরী হবে।
কী কী মাখবেন?
বিটের রস ও মুলতানি মাটি
ত্বক যদি খুব তৈলাক্ত হয়, তাতে ব্রণ-ফুস্কুড়ির আধিক্য থাকে তা হলে বিটের রস ও মুলতানি মাটি দিয়ে তৈরি করে নিন ফেস-প্যাক। ২ চামচ মুলতানি মাটির সঙ্গে ৩ চামচ বিটের রস ভাল করে মিশিয়ে মুখে মাখতে হবে। মিশ্রণটি শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জল দিয়ে হালকা হাতে মালিশ করে মাস্কটি তুলে ফেলতে হবে। ত্বক শুষ্ক লাগলে ময়েশ্চারাইজ়ার মেখে নিতে পারেন।
আরও পড়ুন:
মধু-অ্যালোভেরা জেল
১ চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল। মাস্কটি ভাল করে মুখে ঘাড়ে, এবং যে সব জায়গায় কালচেভাব আছে, লাগিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মাস্কটি ধুয়ে ফেলুন। আপনার পছন্দের ময়েশ্চারাইজ়ার দিয়ে বা অ্যালোভেরা জেল দিয়ে মুখে মালিশ করে নিন।
ওট্স-মধুর প্যাক
ওট্স গুঁড়ো করে তাতে সামান্য মধু মিশিয়ে মুখে আলতো করে ঘষুন। এটি মৃত কোষ পরিষ্কার করবে এবং ব্রণের প্রদাহ কমাবে। স্পর্শকাতর ত্বক হলে এই ফেসপ্যাকটি সপ্তাহে দু'বার ব্যবহার করলে উপকার পাবেন।