বাড়িতে অ্যালো ভেরা গাছ আছে? তা হলে আপনার নাগালেই রয়েছে সহজ ও প্রাকৃতিক সমাধান। অ্যালো ভেরা শুধু ত্বকের জন্য নয়, চুল ও মাথার ত্বকের জন্যও দারুণ উপকারী। নিয়ম মেনে ব্যবহার করলে চুল পড়া কমানো থেকে শুরু করে খুশকি নিয়ন্ত্রণ, অনেক সমস্যাতেই কাজে আসে। কেবল জানতে হবে প্রয়োগ করার নিয়ম।
অ্যালো ভেরার জেলে থাকে ভিটামিন, খনিজ ও প্রাকৃতিক এনজ়াইম, যা মাথার ত্বকে পুষ্টি দেয় এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। মাথার ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করতে পারে অ্যালো ভেরা। ফলে চুল গজানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় মাথার ত্বকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জেল অত্যন্ত হালকা হয় বলে প্রায় সব ধরনের চুলেই ব্যবহার করা যায়। তবে সবার মাথার ত্বক এক রকম নয়। তাই প্রথমে অল্প করে ব্যবহার করে যাচাই করে নেওয়া ভাল। কোনও অস্বস্তি বা অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত।
অ্যালো ভেরা জেলের সঙ্গে অন্য উপাদান মিশিয়ে প্রয়োগ করুন। ছবি: সংগৃহীত
চুলের যত্নে অ্যালো ভেরা ব্যবহার করার কয়েকটি সহজ উপায়—
সরাসরি
গাছ থেকে টাটকা জেল বার করে সরাসরি মাথার ত্বকে লাগানো যায়। এতে শুষ্কতা কমে, চুলের গোড়া মজবুত হয় এবং খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে। ২০–৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই যথেষ্ট। তবে অনেকের মাথার ত্বকই সরাসরি জেল সহ্য করতে পারে না। সে ক্ষেত্রে অন্য উপাদান মিশিয়ে জেল ব্যবহার করা উচিত।
নারকেল তেল মিশিয়ে
অ্যালো ভেরা জেলের সঙ্গে অল্প নারকেল তেল গরম করে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করতে পারেন। এতে চুলে ও মাথার ত্বকে পুষ্টি বাড়বে। এই মিশ্রণ চুলকে কোমল করে এবং ভাঙন ধরার প্রবণতা কমায়।
সঙ্গে পেঁয়াজের রস
চুল পড়া কমাতে অ্যালো ভেরা জেলের সঙ্গে সামান্য পেঁয়াজের রস মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এটি মাথার ত্বকে সালফারের গুণ পৌঁছে দিতে সাহায্য করবে। ফলে চুলের গোড়া মজবুত হবে। ভাল করে মালিশ করলে রক্ত সঞ্চালনও বাড়বে।
ক্যাস্টর অয়েল মিশিয়ে
অল্প ক্যাস্টর অয়েলে অ্যালো ভেরা জেল মিশিয়ে মাথায় মাখতে পারেন। মাথার ত্বকে এবং চুলের আর্দ্রতা ধরে রাখতে পারে অ্যালো ভেরা ও তেলের এই মিশ্রণ। চুল গজানোর অনুকূল পরিবেশও তৈরি করতে পারে এটি।
জলে মিশিয়ে
গাছ থেকে অ্যালো ভেরা জেল নিয়ে জলে মিশিয়ে খানিক পাতলা করে নিতে পারেন। শ্যাম্পু করার পর লিভ-ইন কন্ডিশনার হিসেবে চুলে মেখে রাখতে পারেন। তাতে চুলে জট পড়া, উশকোখুশকো দেখানোর প্রবণতা কমে।