Advertisement
E-Paper

গরমে ব্রণ-ফুস্কুড়ির সমস্যা কমবে, ত্বক তরতাজা রাখবে ফেস-মিস্ট, কী ভাবে বানাবেন?

গরমের দিনে ব্যাগে সব সময় রেখে দিতে হবে মুখে মাখার মিস্ট। অফিসে যান বা কোনও অনুষ্ঠানবাড়িতে যান, ব্যাগে রাখা মিস্ট যখন-তখন মুখে স্প্রে করে নিলেই ত্বকের জ্বালা কমে শীতল অনুভূতি আসবে। কী ভাবে ঘরে বানাবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৭:৩১
Refresh Your Skin with These Organic Face Mists

গরমে শীতল অনুভূতি এনে দেবে, কী ভাবে ঘরে বানাবেন ফেস-মিস্ট? ছবি: এআই সহায়তায় প্রণীত।

গরমে বেশি ক্ষণ বাইরে থাকাই দায়। রোদ লাগলেই ত্বকে জ্বালা হচ্ছে। ঘেমেনেয়ে ঠান্ডা ঘরে ঢুকলেই শুষ্ক হয়ে যাচ্ছে ত্বক। তার উপরে গরমে ব্রণ-ফুস্কুড়ির সমস্যা তো রয়েছেই। ‘সানবার্ন’-এর কারণে ত্বকে লালচে র‌্যাশ, ঘামাচিও হচ্ছে অনেকের। সব সময়ই তো আর বাতানুকূল ঘরে বসে থাকা যায় না। যতই সানস্ক্রিন বা ক্রিম মাখুন না কেন, বাইরে বেরোনোর ঘণ্টাখানেকের মধ্যেই ত্বক জেল্লাহীন হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ত্বকের সুরক্ষা দেবে ও জ্বালাপোড়া কমাবে ফেস-মিস্ট। দোকান থেকে কেনা মিস্ট নয়, বাড়িতেই বানিয়ে নিন ঘরোয়া পদ্ধতিতে।

ঘরে কী ভাবে মিস্ট বানাবেন?

শসা-পুদিনার কুলিং মিস্ট

১টি মাঝারি মাপের শসা কুরিয়ে রস বার করে নিন। পুদিনা পাতা গরম জলে ফুটিয়ে লিকার তৈরি করুন। ঠান্ডা করে তাতে শসার রস মেশান। এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে রাখুন। বাইরে বেরোলে সঙ্গে নিয়ে নিন। বেশি ঘাম হলে মুখে স্প্রে করতে পারেন। শসার মিস্ট শীতল অনুভূতি এনে দেবে।

টি ট্রি অয়েলের মিস্ট

আধ কাপ জলে ৩-৪ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে ব্যাগে রেখে দিন। গরমের সময়ে যদি ত্বকে ব্রণ বা র‌্যাশের সমস্যা বাড়ে, তা হলে এই মিস্ট স্প্রে করলেই কমবে। ত্বকের প্রদাহ কমাতেও উপকারী এই মিস্ট।

ল্যাভেন্ডারের মিস্ট

আধ কাপ ঠান্ডা ক্যামোমাইল চায়ে ল্যাভেন্ডার এসেনশিয়াল ৫ ফোঁটা মেশাতে হবে। দু’টি উপকরণ মিশিয়ে ফ্রিজে রেখে দিন। দরকারমতো স্প্রে করে নিলেই হবে। রোদে ত্বক কালচে হয়ে গেলে বা গালে দাগছোপ পড়লে এই মিস্ট স্প্রে করতে পারেন। ল্যাভেন্ডার ত্বককে দীর্ঘ সময় তরতাজা রাখবে।

গোলাপ জল ও গ্লিসারিনের মিস্ট

এক কাপের মতো গোলাপ জলে ১ চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। দুই উপাদান ভাল করে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। গোলাপজলে থাকে প্রাকৃতিক হাইড্রেটিং উপাদান যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এর প্রদাহনাশী ও অ্যান্টিঅক্সিড্যান্টের গুণ থাকে বলে দূষণ বা রোদে পোড়ার ক্ষত সারাতে সাহায্য করে।

Face Mist Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy