Advertisement
E-Paper

সুহানার কেশসজ্জা কি পছন্দ? গরমের দিনে এমন টানটান করে চুল বাঁধার আরও অনেক কায়দা আছে

চুল কী ভাবে বাঁধবেন. তা একান্তই নিজস্ব ব্যাপার। মুখের গড়ন, বেশভূষার সঙ্গে মানানসই হবে এমন কেশবিন্যাসই প্রয়োজন। তবে সুহানা খানের চুল বাঁধার পদ্ধতি যদি পছন্দ হয়, তা হলে সেটি নিজেই করে নিতে পারেন। গরমের দিনে এমন টানটান করে ঝুঁটি করার আরও অনেক পদ্ধতিই আছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:২১
Suhana Khan gives the high, voluminous ponytail, here’s how to recreate these types of hair styles at home

পনিটেলেরও কত রকমের কায়দা আছে। ছবি: সংগৃহীত।

তারকাদের দেখাদেখি কেশবিন্যাস করতে পছন্দ করেন অনেকেই। তবে চুল কী ভাবে বাঁধবেন, তা মুখের গড়ন ও সাজপোশাকের সঙ্গে মানানসই হওয়াই ভাল। যাঁর মুখের গড়ন ডিম্বাকৃতি, তাঁকে যে ধরনের কেশবিন্যাসে ভাল লাগবে, যাঁর মুখের আকৃতি লম্বাটে, তাঁকে তেমনটায় মানাবে না মোটেও। আবার কোথায় যাচ্ছেন, তার উপরেও নির্ভর করবে কেশবিন্যাস। তাই চুল বাঁধলেই হল না, কী ভাবে বাঁধছেন তা-ও সমান গুরুত্বপূর্ণ।

তারকাদের দেখাদেখি চুল কাটা ও বাঁধার ধরন নকল করার প্রয়াসও দেখা যায়। প্রিয়ঙ্কা চোপড়া যখন চুল ছোট করে পিক্সি কাট করেছিলেন, তখন তেমন চুল কাটার ধরন বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আবার দীপিকা পাড়ুকোনের পরিপাটি করে বাঁধা খোঁপা ‘স্লিক বান’ এখনকার মেয়েদের বেশ পছন্দের। অভিনেত্রী সুহানা খান সম্প্রতি তাঁর একটি ছবি ব্যক্তিগত ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে স্লিক হাই পনিটেল করতে দেখা গিয়েছে তাঁকে। অর্থাৎ, টানটান করে উঁচু করে বাঁধা ঝুঁটি। এমন কেশবিন্যাস যদি পছন্দ হয়, তা হলে পদ্ধতি জেনে নেওয়াই যায়। গরম পড়ছে, এই সময়ে ঘাড়ের কাছে একগাদা চুল একেবারেই ভাল লাগে না। তার চেয়ে উঁচু করে কোন কোন পদ্ধতিতে চুল বাঁধতে পারেন, তা জেনে নিন।

স্লিক হাই পনিটেল

স্লিক হাই পনিটেল

স্লিক হাই পনিটেল ছবি: সংগৃহীত।

চুল লম্বা বা মাঝারি হলে স্লিক পনিটেল খুবই ভাল লাগবে। প্রথমে চুল ভাল করে আঁচড়ে জট ছাড়িয়ে নিন। চুলে পর্যাপ্ত পরিমাণে সিরাম বা হেয়ার জেল লাগিয়ে নিন। চুল যদি হালকা ভিজে থাকে, তবে সেট করা সহজ হয়। চিরুনি দিয়ে সব চুলকে টেনে মাথার ঠিক মাঝখানে বা একটু উঁচুতে জড়ো করুন। তার পরে টানটান করে পনিটেল করে নিন।

বাবল পনিটেল

বাবল পনিটেল।

বাবল পনিটেল। ছবি: সংগৃহীত।

প্রথমে একটি হাই স্লিক পনিটেল করুন। এর পর নির্দিষ্ট দূরত্ব অন্তর ছোট ছোট ব্যান্ড দিয়ে চুলটি বাঁধুন এবং দু'দিকের চুল হালকা টেনে ফুলিয়ে দিন।

ভল্যুমিনাস পনিটেল

ভল্যুমিনাস পনিটেল।

ভল্যুমিনাস পনিটেল। ছবি: সংগৃহীত।

চুলকে আড়াআড়ি দুই ভাগে ভাগ করুন। প্রথমে নিচের অর্ধেক অংশ দিয়ে ঘাড়ের একটু উপরে একটি পনিটেল করুন। এ বার উপরের অর্ধেক অংশ দিয়ে মাথার উঁচুতে আর একটি পনিটেল করুন এমন ভাবে, যেন উপরের ঝুঁটিটি নীচের ঝুঁটির উপর পড়ে তাকে ঢেকে দেয়। এতে চুল অনেক লম্বা ও ঘন দেখাবে।

মেসি হাই পনিটেল

মেসি হাই পনিটেল।

মেসি হাই পনিটেল। ছবি: সংগৃহীত।

চিরুনি ব্যবহার না করে আঙুল দিয়ে চুল মাথার উপরে উঁচুতে টেনে তুলুন। একটু আলগা করে বাঁধুন। কানের পাশ থেকে এবং কপাল থেকে কয়েক গোছা চুল বার করে দিন।

trendy hair styles Suhana Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy