Advertisement
E-Paper

বারে বারে নেড়া করলেই শিশুর মাথাভর্তি চুল হবে না, ৪টি বিষয়ের উপর নির্ভর করে খুদের চুলের ঘনত্ব

বাড়ির বড়দের একটাই বক্তব্য, নেড়া করালেই চুল ঘন হবে খুদের। এমন কথা ঘরে ঘরে শোনা যায়। অনেক মা-বাবাই ঘন চুলের আশায় শিশুকে বার বার নেড়া করান। আদৌ লাভ হয় কি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৪:২০
শিশুর চুল ঘন করতে কী করবেন অভিভাবকেরা?

শিশুর চুল ঘন করতে কী করবেন অভিভাবকেরা? ছবি: সংগৃহীত।

শিশুর চুল খুব পাতলা! মায়ের মাথায় চিন্তার ঘুরপাক! বাড়ির বড়দের একটাই বক্তব্য, নেড়া করালেই চুল ঘন হবে খুদের। এমন কথা ঘরে ঘরে শোনা যায়। অনেক মা-বাবাই ঘন চুলের আশায় শিশুকে বার বার নেড়া করান। আদৌ লাভ হয় কি?

নেড়া হলেই যে ঘন চুল হবে, তেমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুল গজায় ফলি্কল থেকে। তা মাথার তালুর কয়েক মিলিমিটার নীচে থাকে। মাথার চুল কামানোয় ফলিকল কোনও ভাবেই প্রভাব পড়ে না। ত্বকের বাইরে যে অংশটি থাকে, সেটাই শুধু কামানো হয়। ফলে নেড়া হওয়ার পরে চুলের ঘনত্বে কোনও বদল আসে না।

চিকিৎসকদের মতে, শিশুদের মাথার চুল কতটা ঘন হবে, তা মূলত নির্ভর করে ৪টি বিষয়ের উপর।

Advertisement

১) শিশুর মাথায় জন্মের সময় যে চুল দেখা যায়, তা মূলত মায়ের শরীরে হরমোনের ভারসাম্যের উপর নির্ভর করে। সাধারণত ৩ মাসের পর এই চুল ঝরতে শুরু করে, ৯ মাসের পর থেকে আবার নতুন চুল গজাতে শুরু করে মাথায়। তাই জন্মের সময় শিশুর মাথাভর্তি চুল মানেই তার চুল খুব ঘন হবে, এমনটা ভাবার কোনও কারণ নেই।

২) শিশুর চুলের ঘনত্ব কিন্তু তার ডায়েটের উপরেও নির্ভর করে। খুদের খাবারে পর্যাপ্ত মাত্রায় প্রোটিন রাখতে হবে। এ ছাড়া ওর শরীরে আয়রনের ঘাটতি হতে দিলে চলবে না। তাই তার রোজের ডায়েটে পালংশাক, ডাল, রাগি, মাছ, ডিমের মতো খাবারগুলি রাখতে হবে। বায়োটিনও চুল গজানোর জন্য বেশ উপকারী। ডিম বায়োটিনের ভাল উৎস। এ ছাড়া জ়িঙ্কও যেন বাদ না পড়ে। কুমড়োর বীজ, পাঁঠার মাংসে ভাল মাত্রায় জ়িঙ্ক থাকে। সব মিলিয়ে ঘন চুল চাইলে শিশুর ডায়েটে কড়া নজর রাখতে হবে।

৩) শিশুর চুল কেমন হবে, তা তার বাবা-মায়ের জিনের উপরেও নির্ভর করে। বাবা-মায়ের চুল পাতলা হলে শিশুর চুল ঘন হওয়ার সম্ভাবনা খুবই কম।

৪) শিশুর চুলের ঘনত্ব বৃদ্ধি করতে হলে তার মাথার ত্বকের যত্ন নিতে হবে। মাথার ত্বকে নারকেল তেল মালিশ করা যেতে পারে আর সপ্তাহে ৩-৪ দিন শ্যাম্পু করতে হবে। তা হলেই মাথার ত্বক পরিষ্কার থাকবে, আর চুলের বৃদ্ধিও ভাল হবে।

Baby Hair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy