এক দিকে অতিরিক্ত রোদে চুলের রুক্ষ হয়ে যাওয়া, অন্য দিকে ঘামের চোটে ময়লা জমে চুলের দফারফা। গরমকালে হাত ধরে এসে যায় চুলের নানা সমস্যা। এই সময় চুলের বাড়তি যত্ন না নিলে কিন্তু চুল পড়ার সমস্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে। গরমে চুলের প্রয়োজন অতিরিক্ত যত্ন। ত্বকের মতোই সূর্যের অতিবেগনি রশ্মি কিন্তু চুলেরও সমান ক্ষতি করে। বিশেষ করে হেয়ার ফলিকলগুলির ক্ষতি বেশি হয়। ত্বকের সুরক্ষার জন্য তো সানস্ক্রিন আছে। কিন্তু চুল? রোদের হাত থেকে যে চুলকে কী ভাবে রক্ষা করবেন?
সূর্য যেমন ত্বক শুষ্ক করে দেয়, তেমন চুলের রুক্ষতার জন্যও কিন্তু দায়ী সূর্যের অতিবেগনি রশ্মি। ইউভি বি চুলের প্রোটিনকে নষ্ট করে দেয়, তেমনই ইউভি এ চুলের রং বদলের জন্য দায়ী। ইউভি রশ্মি অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়, সেই কারণে অল্প বয়সেই পাকা চুলের সমস্যা শুরু হয়। এই সমস্যা থেকে দূর করতে কাজে আসে চুলের সানস্ক্রিন।
চুলের সানস্ক্রিন কত ধরনের হয়?
পাউডার: এই ধরনের সানস্ক্রিন মাথার ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে নেয়, চুলে ঘনত্ব আনতেও সাহায্য করে। এই সানস্ক্রিন সিঁথিতে ছড়িয়ে দু’হাত দিয়ে ভাল করে মালিশ করতে হয়। শুকনো চুলেই মাখা হয়।
স্প্রে: যাঁদের চুল খুব বেশি রুক্ষ, তাঁরা স্প্রে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। চুলে আর্দ্রতা আনতে আর চুল ঘন দেখাতেও কাজ করে এই ধরনের স্প্রে। এই ধরনের সানস্ক্রিনও সাধারণত শুকনো চুলে মাখা হয়। চুলের ডগা থেকে মাথার ত্বকে স্প্রে করা হয়। ব্যবহারের পর চুল আঁচড়়ে নিতে হয়, তা হলেই প্রসাধনীটি সারা চুলে ছড়িয়ে পড়বে।
ক্রিম আর লোশন: এই ধরনের সানস্ক্রিন সাধারণত মাথার ত্বকে মাখা হয়। ত্বকে যে ভাবে সানস্ক্রিন মাখা হয়, ঠিক সেই ভাবেই এই সানস্ক্রিনও মাখতে হয়।