Advertisement
E-Paper

কোরানোর ঝক্কি, কাটার পরিশ্রম এড়াতে রান্না থেকে বাদ নারকেল, কপির মতো সব্জি? সহজ পন্থা শিখুন

কী রান্না হচ্ছে তার উপর নির্ভর করে সব্জি কেমন ভাবে কাটা হবে। অনেক সময় এই ধাপটিই বেশি কঠিন হতে পারে। রন্ধনশিল্পী কুণাল কপূরের থেকে ৩টি সব্জি কাটার সঠিক পদ্ধতি শিখে নিতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯
সব্জি কাটার কৌশল।

সব্জি কাটার কৌশল। ছবি: সংগৃহীত।

রান্নার বিবিধ ধাপের মধ্যে অন্যতম হল জোগাড়যন্ত্র। আনাজ কাটাকুটিতে ভুল থেকে গেলে খাবারের স্বাদে হেরফের হতে পারে। কী রান্না হচ্ছে তার উপর নির্ভর করে সব্জি কেমন ভাবে কাটা হবে। অনেক সময় এই ধাপটিই বেশি কঠিন হতে পারে। রন্ধনশিল্পী কুণাল কপূরের থেকে ৩টি সব্জি কাটার সঠিক পদ্ধতি শিখে নিতে পারেন।

বাঁধাকপি

সব্জির উপরে আলগা পাতা থাকলে সেগুলিকে প্রথমে সরিয়ে দিন। বাঁধাকপি কুচি করতে চাইলে এর ঠিক উল্টো দিকে যে গোড়া থাকে, সে দিক থেকে কেটে দু’টুকরো করে নিন। অর্ধেক করে কাটার পরই বাঁধাকপির ভিতরে ত্রিভুজাকৃতির ডাঁটি দেখা যাবে। ছুরি দিয়ে সেই অংশটুকু কেটে ফেলে দিতে হবে। একটি টুকরোকে আরও দু’ভাগ করে নিন এ বার। তার পর পাতাগুলিকে ছাড়িয়ে নিতে হবে হাতের সাহায্যে। খুব সহজেই আলগা হয়ে আসবে সেগুলি। কয়েকটি পাতা একসঙ্গে নিয়ে বড় ছুরি দিয়ে টুকরো করে কেটে ফেলতে হবে। পাতলা বা মোটা, যে ভাবে আপনার দরকার, সে ভাবে কেটে নিতে হবে।

বাঁধাকপি কাটার সহজ টিপ্‌স।

বাঁধাকপি কাটার সহজ টিপ্‌স। ছবি: সংগৃহীত

ব্রকোলি

ডাঁটি থেকে পাতাগুলি ছিঁড়ে ফেলে দিন। ডাঁটির নীচের অংশে প্রচুর আঁশ থেকে যায়, তাই সেটিও অল্প করে কেটে ফেলে দিতে হবে। ব্রকোলি কাটার সময়ে মাথায় রাখতে হবে, ফুলের উপর থেকে কাটলে চলবে না, নীচের ডাঁটির দিক থেকে কাটতে হবে। ছুরি দিয়ে এক একটি ফুল কেটে ফেলতে হবে গোড়া থেকে। কাটার পরও যদি কোনও ফুল আকারে বড় হয়, তা হলে সেটিকেও পিছন দিক থেকে কেটে অর্ধেক করে নিন। এর ফলে ব্রকোলি গুঁড়ো হয়ে অপচয় হবে না। ব্রকোলির ডাঁটি নষ্ট না করে নানা পদে ব্যবহার করা যায়। বাইরের অংশটিকে ছুরি দিয়ে ছুলে ফেলে বাকিটুকু টুকরো করে নিন। এর পর স্যালাড বা তরকারিতে ব্যবহার করুন।

নারকেল

নারকেলের পৃষ্ঠে তিনটি রেখা থাকে। ঠিক সেই তিনটি রেখার উপর জোরে আঘাত করতে হবে। তা সে চাকি দিয়ে হোক বা হামনদিস্তা। নারকেল ঘুরিয়ে ঘুরিয়ে রেখাগুলির উপর মারতে থাকলেই মাঝখান থেকে ভেঙে যাওয়ার কথা। সেখান থেকে জল বার করে পাত্রে ভরে রাখুন। এ বার নারকেলের দু’টি টুকরো সরাসরি আগুনের আঁচের উপর রাখতে হবে। চিমটে হাতা দিয়ে মাঝে মাঝে ঘুরিয়ে দিন নারকেলটিকে। তাপের ফলে খোলস আলগা হয়ে আসবে। ২-৩ মিনিট ধরে আগুনের উপর রাখার পর ছুরির সাহায্যে নারকেলগুলি টুকরো টুকরো করে বার করে নিতে পারবেন। খুব বেশি কসরতের প্রয়োজন পড়বে না। নারকেল বার করার সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ডুবিয়ে দিতে হবে, যাতে ভিতরের তাপ বেরিয়ে যেতে পারে।

vegetable cooking tips Cooking Hack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy