Advertisement
E-Paper

ওজন নিয়ে খোঁটা দিয়েছিলেন বিমানকর্মীরা, বিমানসংস্থাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কোর্টের

কাতার এয়ারওয়েজের একটি বিমানে উঠে অতিরিক্ত ওজনের জন্য হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেন ব্রাজিলের মডেল জুলিয়ানা নেহেমে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ ১২:৫৭
বিমানকর্মীরা ওজন নিয়ে কুকথা শোনান, অভিযোগ জুলিয়ানা নেহেমের।

বিমানকর্মীরা ওজন নিয়ে কুকথা শোনান, অভিযোগ জুলিয়ানা নেহেমের। ছবি: সংগৃহীত

বিমানে ওঠার পর ওজন নিয়ে কটাক্ষ করেন বিমানকর্মীরা। আসনে বেশি জায়গা লাগায় অতিরিক্ত ভাড়াও দাবি করা হয়। কাতার এয়ারওয়েজের একটি বিমানে উঠে এ হেন হেনস্থার সম্মুখীন হন বলে অভিযোগ করেছিলেন ব্রাজিলের এক প্লাস সাইজ মডেল জুলিয়ানা নেহেমে। গোটা ঘটনায় জুলিয়ানা মানসিক ভাবে এতই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে ক্ষতিপূরণ চেয়ে কোর্টের দ্বারস্থ হন তিনি। তাঁর আবেদনে সাড়া দিয়ে ওই বিমানসংস্থাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সাও পাওলোর একটি আদালত।

৩৮ বছর বয়সি জুলিয়ানা জানিয়েছেন, তিনি বোন এবং মায়ের সঙ্গে বাড়ি ফিরছিলেন। বিমান যখন বেইরুট থেকে দোহা যাচ্ছিল তখনই ঘটে এই ঘটনা। জুলিয়ানার দাবি, তিনি যে টিকিট কেটেছিলেন তার মূল্য প্রায় ৭৩ হাজার টাকা। কিন্তু বিমানকর্মীরা জানান, তাঁকে প্রথম শ্রেণির টিকিট কাটতে হবে, কারণ প্রথম শ্রেণিতে আসনের মাপ তুলনামূলক ভাবে বড়। প্রথম শ্রেণির টিকিটের দাম ২ লক্ষ টাকারও বেশি। অতিরিক্ত দাম দিতে তাঁকে চাপ দেওয়া হয় বলে জানান জুলিয়ানা। কোনওক্রমে বাড়ি ফিরে গোটা বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে মুখ খোলেন মডেল। জানান, বিমানকর্মীদের আচরণে নিজেকে ‘মোটা দৈত্য’ মনে হচ্ছিল তাঁর। গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক।

ওজন নিয়ে খোঁটা দেওয়ার খেসারত দিতে হচ্ছে বিমান সংস্থাকে।

ওজন নিয়ে খোঁটা দেওয়ার খেসারত দিতে হচ্ছে বিমান সংস্থাকে। ছবি: সংগৃহীত

সাও পাওলোর একটি আদালত গোটা ঘটনায় জুলিয়ানাকে ৩ হাজার ইউরো ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল অভিযুক্ত বিমানসংস্থাকে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ তেষট্টি হাজার টাকার মতো। বিচারক রেনেতা মার্টিনস ডি কারভালহো জানিয়েছেন, জুলিয়ানাকে যে মানসিক আঘাত সহ্য করতে হয়েছে, তার জন্য চিকিৎসার খরচবাবদ এই টাকা দিতে হবে বিমানসংস্থাকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy