Advertisement
E-Paper

ছাঁকা তেলে রান্নার সময়ে ছোট ৭টি ভুল এড়িয়ে চলুন, সঠিক কৌশল জানলে সুস্বাদু হবে, তেলও কম ধরবে

ছাঁকা তেলে রান্নার কৌশলে খানিক পরিবর্তন আনলেই ক্ষতির পরিমাণ কমতে পারে। একটু বুদ্ধি করে ভাজলে খাবার বেশি সুস্বাদুও হয়, আবার তেলও কম ধরে। ৭টি সহজ টিপস শিখে নিতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭
ছাঁকা তেলে রান্না করার কৌশল।

ছাঁকা তেলে রান্না করার কৌশল। ছবি: সংগৃহীত।

সিঙাড়া, পকোড়া হোক বা লুচি, গুলাব জামুন, নিমকি- ভারতীয় খানাপিনায় ছাঁকা তেলে রান্নার ঐতিহ্য বেশ পুরনো। কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পেতেই ছাঁকা তেলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন অনেকে। উচ্চ তাপে তেল বার বার ব্যবহারের ফলে ক্ষতিকারক ট্রান্স ফ্যাট তৈরি হয়ে শরীরে নানা ক্ষতি করে। কিন্তু ছাঁকা তেলে রান্নার কৌশলে অল্প পরিবর্তন আনলেই ক্ষতির পরিমাণ অনেকখানি কমতে পারে। একটু বুদ্ধি করে ভাজলে খাবার বেশি সুস্বাদু হয়, আবার তেলও কম ধরে। ৭টি সহজ টিপ্‌স শিখে নিতে পারেন। রন্ধনশিল্পী সঞ্জীব কপূর নিজেই কয়েকটি টোটকা শিখিয়ে দিয়েছেন সমাজমাধ্যমে।

তেল বাছাইয়ের ক্ষেত্রে সচেতন হোন

আমাদের দেশে কোথাও সর্ষের তেল, কোথাও সাদা তেল, কোথাও আবার নারকেল তেল ব্যবহার করা হয় রান্নায়। কিন্তু সব তেল সব খাবারের জন্য ভাল নয়। যে তেল গরম করলে খুব তাড়াতাড়ি ধোঁয়া ওঠে, সেটি ডিপ ফ্রাই-এর জন্য ভাল নয়। এমন তেল বেছে নিন, যা গরম হলেও তাড়াতাড়ি পুড়ে যাবে না। এতে খাবারের স্বাদও ভাল হবে।

ছাঁকা তেলে রান্নার কৌশলে অল্প পরিবর্তন আনুন।

ছাঁকা তেলে রান্নার কৌশলে অল্প পরিবর্তন আনুন। ছবি: সংগৃহীত

তেলের তাপমাত্রা সঠিক রাখা দরকার

তেল বেশি গরম হলে খাবার বাইরের দিক থেকে দ্রুত পুড়তে থাকে, অথচ ভিতরের অংশ কাঁচা থেকে যায়। আবার তেল কম গরম হলে খাবার তেল টেনে নেয়। তাই মাঝারি গরম তেলে ভাজাই সবচেয়ে ভাল।

ভাজার আগে উপকরণ যেন ভেজা না থাকে

সব্জি বা মাছ ধোয়ার পরে যদি জল থেকে যায়, তা হলে তা তেলে ছাড়লে সঙ্গে সঙ্গে তেল ছিটতে পারে। আবার খাবার ঠিকমতো ভাজাও হয় না। তাই ভাজার আগে সব উপকরণ শুকিয়ে নিতে হবে।

কড়াইয়ে উপকরণের ভিড় না থাকে

অনেকে তাড়াহুড়ো করে একসঙ্গে অনেকগুলি জিনিস তেলে দিয়ে দেন। এতে তেলের তাপমাত্রা হেরফের করতে থাকে। ফলে খাবার মুচমুচে হয় না। বেশি পরিমাণে তেল ধরে থাকে খাবারে। কখনও সখনও ভিতর থেকে ভাজাও ভাল হয় না। তাই অল্প অল্প করে ভাজাই ভাল।

সুজি বা পাউরুটির গুঁড়োর প্রলেপ যেন বেশি না হয়

চপ, পকোড়া, ফিশ ফ্রাইয়ের মতো খাবার ব্যাটারে ডোবানোর পর সুজি বা পাউরুটির গুঁড়োর কোটিং দেওয়া হয়। সেটি ঠিক মতো না বসলে ভাজার সময়ে সেগুলি খসে পড়ে। কড়াইয়ের তেলও নোংরা হয়ে যায় দ্রুত। তাই ভাজার আগে ভাল করে কোটিং লেপে দিতে হবে। পাশাপাশি, অতিরিক্ত কোটিং থাকলে, তেলে ছাড়ার আগেই ঝেড়ে ফেলতে হবে।

প্রতি বার তেল পরিষ্কার করে নেওয়া দরকার

এক বার ভাজার পরে তেলে ছোট ছোট পোড়া টুকরো ভাসতে থাকে। এগুলি রেখে দিলে পরের খাবারে পোড়া গন্ধ চলে আসে। তাই প্রতি বার ভাজার পর নতুন উপকরণ দেওয়ার আগে পোড়া টুকরোগুলি তুলে ফেলে দিতে হবে।

সঠিক সরঞ্জাম ব্যবহার করা উচিত

ডুবো তেলে ভাজার সময় ফুটো ফুটো হাতা ব্যবহার করা উচিত। এতে ছাঁকা তেল থেকে খাবার তুললে প্রথমেই অনেকখানি তেল ঝরে যায়। ফলে ভাজা খাবারে তেল কম ধরে।

Deep Frying Oil cooking tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy