নার্সারি থেকে তাজা চারা কিনলেন। যত্ন নিয়ে বসালেনও গাছ। কিন্তু দেখা গেল, কয়েক দিনের মধ্যে সেই গাছ শুকিয়ে গেল। চারা যদি বেড়ে ওঠার মতো উপযোগী পরিবেশ না পায়, তা হলে শুকিয়ে বা মরে যেতে পারে। তবে নার্সারি থেকে চারা আনার পরে গাছ বসানোর সময় কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। উদ্যানপালকেরা বলছেন, ছোট ছোট ভুলের জন্যই ভাল চারা নষ্ট হতে পারে।
১। অনেকেই নার্সারি থেকে আনা গাছ, নার্সারির মাটি সমেতই অন্য টবে বসান বা মাটিতে পুঁতে দেন। কিন্তু নার্সারিতে চারা বড় করা হয় বিক্রির জন্য। সেই মাটি চারা বড় করার উপযোগী হয়ও না অনেক সময়। তা ছাড়া, মাটি-সহ গাছ যাতে টবে আটকে থাকে, সে জন্য অনেক সময় এঁটেল মাটিও ব্যবহৃত হয়। এই ধরনের মাটি ফুলগাছের জন্য আদর্শ নয়। কারণ, এই মাটিতে জলনিকাশি ব্যবস্থা ভাল হয় না।
২। ফুলগাছের জন্য ঝুরঝুরে দোআঁশ মাটি ভাল। আলোবাতাস না চলাচল করলে গাছের বেড়ে উঠতে অসুবিধা হয়। ফলে প্রথমেই সাবধানে গাছের মাটি আলগা করে দিতে হবে। এ জন্য গাছটি টব বা প্লাস্টিক থেকে বার করে মাটির অংশ জলে ডুবিয়ে দিন। মাটি ধুয়ে গেলে অন্য টবে গাছের উপযোগী মাটি প্রস্তুত করে চারা বসানো দরকার।
৩। প্রাথমিক অবস্থায় চারা লাগানোর জন্য মাটির টবই ভাল। মাটি প্রস্তুতির জন্য বালি, কোকোপিট, জৈব সার মিশিয়ে নিতে হবে। গাছ বসিয়ে জল দিন। তবে খেয়াল রাখা দরকার, গাছের গোড়ায় যেন জল না জমে।
আলো, হাওয়া, জল— এই তিনটি উপাদান ঠিকমতো পেলে এর পরে গাছ বেড়ে উঠতে আর কোনও সমস্যা হবে না। শুধু দেখতে হবে, গাছে যেন পোকার আক্রমণ বা রোগ সংক্রমণ না হয়।