শালবনি জমি কেলেঙ্কারি মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।
সোমবার ৮ দিনের পুলিশি হেফাজত শেষে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হয়েছিল সুজয়কে। সোমবারই কোতোয়ালি থানার অন্য একটি মামলার প্রেক্ষিতে তাঁকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারপতি। জমি মামলাতে জামিন চেয়েছিলেন প্রাক্তন বিধায়ক। কিন্তু জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
এর মধ্যে নতুন মামলা যুক্ত হয়েছে তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। মেদিনীপুর শহরের জেলা তৃণমূল পার্টি অফিস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল থেকে ‘মাসোহারা’ হিসাবে তিনি ১২ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। ওই হাসপাতালের ডিরেক্টর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তার তদন্তও শুরু করে পুলিশ।
আরও পড়ুন:
জমি মামলায় সুজয় শালবনি থানার পুলিশ হেফাজতে থাকায় কোতোয়ালি থানার পুলিশ আদালতে আবেদন করেছিল, প্রাক্তন বিধায়ককে তাদের হেফাজতে দেওয়া হোক। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন। সরকারী আইনজীবী সৈয়দ নাজিম হাবিব বলেন, ‘‘শালবনি থানার মামলায় জামিন বাতিল করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কোতোয়ালি থানার মামলায় ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।’’