Advertisement
E-Paper

কল খুললেই গায়ে ছ্যাঁকা! গ্রীষ্মের তাপপ্রবাহে জলের ট্যাঙ্ক যেন হিটার, ঠান্ডা রাখুন ৫ কৌশলে

ছাদে রাখা ট্যাঙ্কের জল সারা দিন সূর্যের আলোর সংস্পর্শে থেকে তপ্ত হয়ে ওঠে। ট্যাঙ্কই যেন হিটারের কাজ করতে শুরু করে। ফলে সন্ধ্যার আগে সেই জল ব্যবহার করা যেন বিভীষিকা! সে ক্ষেত্রে কী করবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৭:০৬
ট্যাঙ্কের জল কী ভাবে ঠান্ডা রাখবেন?

ট্যাঙ্কের জল কী ভাবে ঠান্ডা রাখবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

গ্রীষ্মে নাজেহাল মানুষ। এমন সময়ে বার বার স্নান করলে খানিক স্বস্তি মেলে। কিন্তু ছাদে রাখা ট্যাঙ্কের জল সূর্যের তাপে যেন আগুন হয়ে ওঠে! স্নান করতে গেলেই গায়ে ছ্যাঁকা লাগে। আবার, জলের ট্যাঙ্ক গরম হয়ে গেলে অন্য কয়েকটি সমস্যাও দেখা দিতে পারে। যেমন, ব্যাক্টেরিয়ার বংশবৃদ্ধি হতে পারে, ট্যাঙ্কের প্লাস্টিকজাতীয় উপাদান ক্ষতিগ্রস্ত হতে পারে, জলের স্বাদও নষ্ট হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ট্যাঙ্কের জল অতিরিক্ত গরম হওয়া থেকে আটকানো দরকার। প্রতি বছর গরমের মাসগুলিতে যাতে এই কষ্ট পেতে না হয়, তার পাকাপাকি বন্দোবস্ত করতে পারেন এ বারই। সে জন্য জলের ট্যাঙ্কের কিছু পরিবর্তন দরকার। রইল কয়েকটি পন্থা।

ট্যাঙ্কের উত্তপ্ত জল ঠান্ডা রাখবেন কী ভাবে?

ট্যাঙ্কের উত্তপ্ত জল ঠান্ডা রাখবেন কী ভাবে? ছবি: সংগৃহীত

১. ট্যাঙ্কের সঠিক অবস্থান: সরাসরি সূর্যের আলো পেলে ট্যাঙ্কের জল দ্রুত গরম হয়ে যায়। তাই এমন জায়গায় ট্যাঙ্ক রাখা দরকার, যেখানে রোদ সরাসরি পড়বে না। অল্প ছায়া হলে খুব ভাল। কেবল রোদ নয়, মাথায় রাখবেন, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের আউটপুট বা জেনারেটর যদি কাছাকাছি থাকে, সেখান থেকেও তাপ নির্গত হয়ে ট্যাঙ্ককে গরম করে দিতে পারে। আর যদি ট্যাঙ্ক সরানো সম্ভব না হয়, সে ক্ষেত্রে একটি ছাউনি তৈরি করে দিতে হবে। অতিবেগনি রশ্মি প্রতিরোধ করে এমন ত্রিপল বা চাদর ব্যবহার করে ট্যাঙ্কের উপর আচ্ছাদন তৈরি করে দিতে পারেন। অথবা পাকাপোক্ত একটি টিনের ছাউনি বানিয়ে দিতে পারেন ট্যাঙ্কির উপর। যদি সম্পূর্ণ ভাবেই এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তা হলে মাটির তলায় জলের ট্যাঙ্ক বসাতে পারেন। প্রবল গরম এবং শুষ্ক জায়গায় অনেকেই এই পদ্ধতি অবলম্বন করছেন আজকাল। মাটি প্রাকৃতিক ইনসুলেটর হিসাবে কাজ করে।

২. ইনসুলেশন পদ্ধতি: শীতকালে ইনসুলেশন যেমন ঘরকে গরম রাখে, বা টিফিন গরম রাখে, তেমনই গ্রীষ্মের তাপ থেকে রক্ষা পেতে একই কৌশল নেওয়া যায়। বাইরের উচ্চ তাপমাত্রা ট্যাঙ্কের ভিতরে যাতে প্রবেশ না করতে পারে, তার জন্য ট্যাঙ্কের বাইরের অংশ ফোম, ফাইবারগ্লাস বা ইনসুলেশন র‍্যাপ দিয়ে ঢেকে দিন। খোলা পাইপের ভিতরে জমে থাকা জল খুব দ্রুত গরম হয়ে যায়। সমস্ত খোলা পাইপের উপরেও ফোম পাইপ ল্যাগিং দিয়ে ঢেকে দিন। এই পদ্ধতিতে ট্যাঙ্ককে মুড়ে দিতে পারলে অতিরিক্ত গরম হতে পারবে না ভিতরের জল।

ট্যাঙ্কের রং পাল্টে ফেলুন।

ট্যাঙ্কের রং পাল্টে ফেলুন। ছবি: এআই সহায়তায় প্রণীত।

৩. ট্যাঙ্কের রং বদল: অনেক সময়ে ট্যাঙ্কের রংও জল দ্রুত গরম হয়ে যাওয়ার জন্য দায়ী হতে পারে। তাই দরকারে ট্যাঙ্কের রং পাল্টে ফেলতে পারেন এই গ্রীষ্মেই। তাপ শোষণকারী রঙের বদলে প্রতিফলক রং ব্যবহার করলে জল ততটা গরম হতে পারবে না। যেমন কালো বা গাঢ় নীল রঙের বদলে সাদা রং করলে ট্যাঙ্ক ও জল, কোনওটিই তাপ শোষণ করতে পারবে না। সাদা রং সূর্যালোকের প্রায় ৯০ শতাংশই প্রতিফলিত করে দিতে পারে। এ ছাড়া রুপোলি বা ধাতব রংও দারুণ কার্যকরী হতে পারে এ ক্ষেত্রে। রং করতে না পারলে প্রতিফলক শিটও ব্যবহার করা যেতে পারে।

৪. ঠান্ডা করার টোটকা: বাইরে থেকে একাধিক টোটকা প্রয়োগ করে ট্যাঙ্কের জলকে ঠান্ডা রাখা যায়। যেমন বাষ্পীভবন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মাঝে মাঝে ট্যাঙ্কের বাইরে জল ছিটিয়ে দিতে পারেন। এতে স্বাভাবিক ভাবেই চারপাশের তাপমাত্রা খানিক কমতে পারে। তা ছাড়া ভেন্টিলেশন ফ্যান আটকে দিতে পারেন, যাতে চারপাশে হাওয়া চলাচল বাড়তে পারে। উচ্চ তাপমাত্রার হাত থেকে রক্ষা পাওয়া যায় অল্প হলেও।

৫. রক্ষণাবেক্ষণ: ট্যাঙ্ক থেকে নিয়মিত জল বার করে ফের ভরতে হবে। তা ছাড়া ৬ মাসে এক বার করে জল বার করে ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। গরমের সময়ে শ্যাওলা জমতে পারে, তাই সেগুলিকে পরিষ্কার করা দরকার। অল্পস্বল্প ছিদ্রও যাতে না থাকে, সে দিকে নজর দেওয়া দরকার, নয়তো সেই কারণেও জলের তাপমাত্রা বে়ড়ে যেতে পারে বাইরের আবহাওয়ার প্রভাবে।

water tank Summer Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy