Advertisement
E-Paper

ফুটপাতের স্টলের চাউমিন বানাতে চান বাড়িতেই? ঠিক কোন কোন ধাপ বদলাতে হবে জেনে নিন

দোকানের নুড্‌লসে অভ্যস্ত জিভেরও মাঝে মধ্যে রাস্তার ধারে ফুটপাতের চাউমিন খাওয়ার শখ জাগে। যে চাউমিনে খানিক ধোঁয়াধোঁয়া গন্ধ থাকবে। থাকবে লাল-সবুজ সসের টক-ঝাল স্বাদ, গোলমরিচের ধারালো ভাব আর কড়কড়ে ভাজা সব্জির কামড়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ২০:৫৫
ফুটপাতের চাউমিন বাড়িতেই!

ফুটপাতের চাউমিন বাড়িতেই! ছবি: সংগৃহীত।

দোকানে গিয়ে নুড্‌লস খাওয়ার অভিজ্ঞতা এক রকম। আর রাস্তার ধারে ফুটপাতের স্টলে গরম লোহার চাটুতে ‘ছাঁই ছ্যাঁত’ আওয়াজে ভাজা চাউমিন আর এক দিকে। দুই স্বাদের কোনও মিল নেই। মর্যাদাগত ফারাকও হয়তো আছে কিছুটা। কিন্তু তা বলে স্বাদে কাউকে কম বা বেশি নম্বর দেওয়া যাবে না। দু’টি স্বাদ নিজের মতো করে তোফা। দোকানের নুড্‌লসে অভ্যস্ত জিভেরও মাঝে মধ্যে রাস্তার ধারের চাউমিন খাওয়ার শখ জাগে। যে চাউমিনে খানিক ধোঁয়াধোঁয়া গন্ধ থাকবে। থাকবে লাল-সবুজ সসের টক-ঝাল স্বাদ, গোলমরিচের ধারালো ভাব আর কড়কড়ে ভাজা সব্জির কামড়। কিন্তু মুশকিল হল স্বাস্থ্য নিয়ে যাঁরা ভাবেন, তাঁরা ফুটপাতের চাউমিন অস্বাস্থ্যকর বলে মনে করেন। আবার সব সময় খেতে ইচ্ছে করলেই যে হাতের কাছে অমন চাউমিন পাওয়া যাবে তা-ও তো নয়। তাই ফুটপাতের স্টলের চাউমিন বাড়িতেই বানানোর কয়েকটি ধাপ জেনে নিন।

১. নুডলস সেদ্ধ করার পর ‘শকিং’ পদ্ধতি

সাধারণত চাউমিন সেদ্ধ করে শুধু জল ঝরিয়ে রেখে দেওয়া হয়। কিন্তু চাউমিন দোকানের মতো ঝরঝরে করতে হলে, সেদ্ধ হওয়ার ঠিক পরেই জল ঝরিয়ে বরফ ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। একে বলা হয় ‘শকিং’ পদ্ধতি। আচমকা গরম থেকে প্রচণ্ড ঠান্ডা জলে পড়লে চাউমিনের ভিতরে থাকা গরম ভাব থেকে সেদ্ধ হওয়ার যে প্রক্রিয়া চলতে থাকে, তা থমকে যায়। এর পরে সামান্য সাদা তেল মাখিয়ে একটি বড় থালায় ছড়িয়ে দিন যাতে গায়ে গায়ে লেগে না যায়।

২. কড়াই থেকে ধোঁয়া ওঠা গরম

রাস্তার চাউমিনের স্বাদের আসল রহস্য হলো ‘ওক হেই’ বা কড়াইয়ের অতিরিক্ত আঁচ। বাড়িতে চাউমিন করার সময় কড়াই আগে খুব ভাল করে গরম করুন, যতক্ষণ না ধোঁয়া উঠছে। এরপর তেল দিয়ে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিন। সবজি বা নুডলস দেওয়ার পর আঁচ একেবারেই কমানো যাবে না। পুরো রান্নাটা হাই ফ্লেম বা সর্বাধিক আঁচে দ্রুত নাড়াচাড়া করে করতে হবে।

৩. লোহার কড়াই ব্যবহার

নন-স্টিক প্যানে ফুটপাতের চাউমিনের সেই কড়া ভাজা ব্যাপারটা আসবে না। ধোঁয়াটে স্বাদও আসবে না। তাই সম্ভব হলে একটি পাতলা লোহার কড়াই ব্যবহার করুন। লোহার কড়াই খুব দ্রুত গরম হয় এবং তাপ ধরে রাখে, যা সব্জিগুলিকে সেদ্ধ না করে ক্রাঞ্চি বা মুচমুচে রাখতে সাহায্য করবে।

৪. সসের সঠিক ব্যালেন্স ও আজিনামোটো

দোকানের মতো স্বাদের জন্য ডার্ক সোয়া সস, গ্রিন চিলি সস এবং ভিনিগারের সঠিক মিশ্রণ জরুরি। অনেকেই ভিনিগার দিতে ভুলে যান, ফলে দোকানের সেই টক-ঝাল ভাবটা আসে না। আর যদি স্বাস্থ্যগত কারণে আপত্তি না থাকে, তবে এক চিমটি আজিনামোটোও যোগ করতে পারেন। এটিই দোকানের চাউমিনের সেই বিশেষ স্বাদটি তৈরি করে।

৫. সব্জি কাটার ধরন

বাড়িতে অনেক সময় সব্জি মোটা করে কাটা হয়। রাস্তার চাউমিনে বাঁধাকপি, গাজর বা ক্যাপসিকাম কাটা হয় জুলিয়ান কাটে। খানিকটা দেশলাই কাঠির মতো সরু ও লম্বা আকৃতির। সবজি যত সরু হবে, হাই ফ্লেমে তা তত দ্রুত ভাজা হবে এবং চাউমিনের সঙ্গে ভালভাবে মিশে যাবে।

এ ছাড়া

রান্না শেষ হওয়ার ঠিক আগে সামান্য গোলমরিচগুঁড়ো আর কয়েক দানা চিনি ছড়িয়ে দিলে স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। রাস্তার ধারের চাউমিনে উপরে শসা পেঁয়াজের স্যালাডও সাজিয়ে দেওয়া হয়। চাইলে বাড়িতে পরিবেশনের সময় চাউমিনের পাশে অল্প শসা-পেঁয়াজ কুচি আর টম্যাটো সস ছড়িয়ে দিতে পারেন। এতে ফুটপাতের স্টলের চাউমিনের আমেজ বজায় থাকবে।

cooking tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy