Advertisement
E-Paper

মায়ের সঙ্গে হোক একটা ডেট! বিশেষ দিনে পরিকল্পনায় থাকুক একটু ভাবনা আর অনেকখানি আন্তরিকতার ছোঁয়া

রোজের ব্যস্ততাকে সরিয়ে রেখে মাকে একটা দিন উপহার তো দেওয়া যেতেই পারে। শুধুমাত্র মায়ের সঙ্গে কাটানো যেতে পারে একটা সুন্দর দিন। কেমন করে করবেন মায়ের সঙ্গে ডেটের পরিকল্পনা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১০:৫৯
How to plan a date with your Mother

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রিয়জনের সঙ্গে তো অনেক বার ডেটে গিয়েছেন, তবে মায়ের সঙ্গে একটা ডেট পরিকল্পনা করলে কেমন হয়, সে কথা কি ভেবে দেখেছেন কখনও? সারা দিন পরিশ্রম করে বাড়ি ফেরার পর যে মানুষটিকে আপনার জন্য অপেক্ষা করে বসে থাকতে দেখেন, তাঁর সঙ্গে মন খুলে কথা বলার অবসরটুকুও হয়ে ওঠে না কখনও কখনও। রোজের ব্যস্ততাকে সরিয়ে রেখে মাকে একটা দিন উপহার তো দেওয়া যেতেই পারে। শুধুমাত্র মায়ের সঙ্গে কাটানো যেতে পারে একটা সুন্দর দিন। কেমন করে করবেন মায়ের সঙ্গে ডেটের পরিকল্পনা?

একটা দিন হোক মোবাইল ছাড়া: দিনের শুরুতেই আপনার এবং মায়ের দু’জনের মোবাইল সুইচ অফ করে দিন। মোবাইল সঙ্গে থাকলে কখনও সমাজমাধ্যম কখনও আবার অপ্রয়োজনীয় কিছু ফোনের কারণে সারা ক্ষণ নজর পড়ে থাকবে ওই যন্ত্রের দিকেই। তাই সচেতন ভাবে একটা দিন মোহাইল ছাড়া কাটানোর চেষ্টা করুন। পুরো সময়টা নিজেদের সম্পর্কের জন্য উৎসর্গ করুন।

মায়ের জন্য প্রাতরাশের আয়োজন: অফিস হোক বা স্কুল, বাড়ি থেকে বেরোনোর সময় বেশির ভাগ দিন মাকেই তাড়াহুড়ো করে প্রাতরাশ করে দিতে হয় আপনার জন্য। এক দিন আপনিই করে ফেলতে পারেন মায়ের জন্য প্রাতরাশের আয়োজন। নিজে রান্না করতে জানলে বানিয়ে ফেলুন মায়ের পছন্দের কিছু খাবার। আর রান্না না জানলে খাদ্য সরবরাহকারী অ্যাপগুলি তো রয়েছেই।

পোশাকে রংমিলান্তি: ডেটে কেমন পোশাক পরবেন, সেই ভাবনা আগে থেকেই ভেবে রাখুন। এ ক্ষেত্রে দু’জনেই মায়ের পছন্দের রঙের পোশাক পরে ফেলতেই পারেন। রোজ তো নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া হয়, একটা দিন না হয়, মায়ের পছন্দকেই গুরুত্ব দেওয়া হোক। শুধু রঙেই নয়, পোশাকের ধরনেও থাকতে পারে সাদৃশ্য।

কেনাকাটায় ভারি মজা: কেনাকাটা করতে পছন্দ করেন না, এমন মহিলা কমই আছেন। তাই প্রাতরাশ সেরে মাকে নিয়ে বেরিয়ে পড়তে পারেন কেনাকাটার উদ্দেশ্যে। কেউ আছেন যাঁরা ‘স্ট্রিট শপিং’ রাস্তায় ঘুরে ঘুরে কেনাকাটা করতে পছন্দ করেন। সে ক্ষেত্রে গন্তব্য হতেই পারে কলকাতার হাতিবাগান, গড়িয়াহাট কিংবা নিউ মার্কেট। অনেকে আবার মল থেকেই কেনাকাটা করতে স্বচ্ছন্দ বোধ করেন। তাঁদের গন্তব্য হোক শহরের শপিং মলগুলি।

কফি পে চর্চা: বন্ধুবান্ধব বা প্রিয়জনের সঙ্গে শহরের নানা ক্যাফেতে প্রায়ই যাওয়া হয়। মাকে নিয়েই হতে পারে ক্যাফে অভিযান। গরমাগরম কফিতে চুমুক, সঙ্গে টুকিটাকি স্ন্যাক্‌স আর ঘণ্টার পর ঘণ্টা মনের কথা খুলে বলা— আর কী-ই বা চাই?

একটু হোক রূপচর্চা: সকলের দিকে নজর থাকলেও বেশির ভাগ মায়েরা নিজের প্রতি নজর দিতে ভুলে যান। মায়ের স‌ঙ্গে ‘স্পা’ ডেট করলে কিন্তু বিষয়টি মন্দ হয় না! পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার স্পা, বডি মাসাজ— লিস্ট লম্বা। নিজের বাজেট অনুযায়ী আপনার আর মায়ের জন্য একটা প্যাকেজ করিয়ে রাখুন আগে থেকেই। সালোঁয় গেলে অনেকটা সময় চলে যায়, মায়ের সঙ্গে আপনিও থাকলে দু’জনে একে অপরের সময় বেশ খানিকটা সময় কাটাতে পারবেন, আর রূপচর্চাও করা হবে।

সিনেমা ম্যারাথন: বাড়ি ফিরে দু’জনে মিলে দেখতে পারেন মায়ের পছন্দের কিছু সিনেমা। বেশ কয়েকটা সিনেমা বাছাই করে, একের পর এক দেখতে থাকুন। সঙ্গে পপকর্ন, নরম পানীয় আর টুটিটাকি স্ন্যাক্‌সের ব্যবস্থা করতে ভুলবেন না যেন। সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে দুঃখের কোনও ছবি বাছবেন না। মনমেজাজ ভাল হবে, এমন ছবিকেই বেশি গুরুত্ব দিন।

নৈশভোজে মায়ের প্রিয় পদ: সে দিনের নৈশভোজের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিন। নিজের পছন্দ অনুযায়ী খাবার বানিয়ে টেবিল ভরিয়ে দেবেন না। মায়ের পছন্দের পদগুলি যেন মেনুতে থাকে, তা নিশ্চিত করুন। শুধু খাবারের আয়োজন করলেই হবে না, মায়ের জন্য খাবার পরিবেশন করুন নিজের হাতে।

Mother's Day Mother's Day Special Mother's Day Celebration
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy