E-Paper

শরীরের রোগ থেকে চোখের অসুখ

চোখ লাল হওয়া মানেই কনজাংটিভাইটিস নয়।

ঊর্মি নাথ

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৯

—প্রতীকী চিত্র।

বেশ কয়েক দিন হল বাতের ব্যথায় কাবু হয়েছেন ষাটোর্ধ্ব অলক। তার উপরে চোখের সমস্যা তাঁকে বেশ ভোগাচ্ছে। চোখ লাল হয়েছে, ব্যথাও রয়েছে। কনজাংটিভাইটিস হয়েছে ভেবে ওষুধের দোকান থেকে আই ড্রপকিনে ব্যবহার করলেন ক’দিন। সমস্যা মিটল না, উপরন্তু বেড়ে গেল। অবশেষে তিনি চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে জানতে পারেন কনজাংটিভাইটিস নয়, সমস্যাটি ইউভিআইটিস। অনেকেই এইসমস্যা সম্পর্কে বিশেষ জানেন না। অথচ এটি বেশি দিন ফেলে রাখলে দৃষ্টিশক্তি চলে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে!

ইউভিআইটিস আসলে কী?

চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. সুমিত চৌধুরী বললেন, “এটি চোখের একটি রোগ। এক কথায়, ইউভিআইটিস চোখের প্রদাহ বা আই ইনফ্লামেশন, যা চোখের মধ্যম স্তরকে প্রভাবিত করে। রেটিনার পিছনে থাকে মধ্যম স্তর, এটি ইউভিয়া নামে পরিচিত। প্রদাহ হলে এটি ফুলতে থাকে। ইউভিআইটিসের একাধিক ধরন— অ্যান্টিরিয়র, ইন্টারমিডিয়েট, পস্টেরিয়র এবং প্যানুভিয়াইটিস।” আয়নায় চোখ দেখার সময়ে চোখের রঙিন ও সাদা অংশ দেখা যায়। কিন্তু মধ্যম স্তর বাইরে থেকে দেখা যায় না। প্রদাহ যত বাড়বে সাদা অংশের উপরে তত চাপ সৃষ্টি হবে। তখন চোখের সাদা অংশ লাল হয়ে যায়, ব্যথা অনুভূত হয়। “অনেক সময়ে দৃষ্টি কিছুটা ক্ষীণ হয়ে আসতে পারে। এতে তাড়াতাড়ি ছানি পড়ে এবং চোখের লেন্সে স্পট আসে। সাধারণত এই সমস্যা একসঙ্গে দু’চোখে হয় না, যে কোনও একটায় হয়,” বললেন ডা. চৌধুরী।

কেন হয়?

ইউভিআইটিসের সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় ঋতু বদলের সময়। এই সমস্যা কেন হয়, তার ব্যাখ্যায় ডা. চৌধুরী বললেন, “দেখা গিয়েছে, যাদের বাত বা আর্থ্রাইটিস আছে, তাদের ইউভিআইটিসের সম্ভাবনা বেশি। স্পন্ডিলোসিসও এর অন্যতম কারণ। এ ছাড়া শরীরে যদি কোনও কারণে সংক্রমণ হয়ে থাকে, তার জেরেও চোখে এই সমস্যা হয়। যেমন যক্ষ্মা। ডায়াবিটিস রোগীদেরও প্রদাহ হওয়ার সম্ভবনা বেশি। অনেক সময়ে অটোইমিউন ডিজ়িজ়ের জন্যও এই রোগ হতে পারে।” সব বয়সেই এই সমস্যা হতে পারে তবে বয়স্কদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি।

চিকিৎসা

ইউভিআইটিসের প্রাথমিক লক্ষণের সঙ্গে কনজাংটিভাইটিসের মিল আছে। তাই অনেক সময়েই এই রোগের চিকিৎসা শুরু হতে দেরি হয়। ডা. চৌধুরীর পরামর্শ, “চোখ লাল হলে, ব্যথা অনুভব করলে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। কিছুটা স্বস্তি দেওয়ার জন্য অ্যাট্রোপিন জাতীয় ড্রপ দিতে বলা হয়। তবে এই সমস্যায় স্টেরয়েড দেওয়া ছাড়া আর কোনও চিকিৎসা নেই।” চোখের এই সমস্যা বারবার হতে পারে।


(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Eye Care Eye Care Tips Health care

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy