কেতাদুরস্ত পোশাক, তার সঙ্গে ময়লা হয়ে যাওয়া ফিতে দেওয়া অফিসের আইডি কার্ড গলায় ঝুলছে। দেখতে তা একেবারেই মানানসই না হলেও, এ নিয়ে ভেবেছেন কি? নিয়ম করে অফিসের পোশাক কাচা হয়, পরিষ্কার করা হয় মোজা থেকে জুতোও। কিন্তু ব্রাত্যই রয়ে যায় অফিসের পরিচয়পত্রটি।
আরও পড়ুন:
অথচ যে পরিচয়পত্রটি কর্মক্ষেত্রে প্রায় সব সময়েই পরে থাকতে হয়, সেটি ঘামে বা দীর্ঘ ব্যবহারে ময়লা হবেই। ময়লা ফিতে একদিন ঘষে ঘষে পরিষ্কার করতে গেলে, সেটির রং চটে যাওয়াও স্বাভাবিক। তা ছাড়া, পরিচ্ছন্নতার প্রশ্নেও তা গ্রহণীয় নয়। কী ভাবে পরিষ্কার করবেন আইকার্ড হোল্ডার এবং ফিতে?
ফিতে পরিষ্কার করার সময় কোনও জীবাণুনাশক বা রাসায়নিক মিশ্রিত দ্রবণ ব্যবহার করলেই মুশকিল। ময়লা পরিষ্কার হলেও চটে যেতে পারে রং। তা ছাড়া, আর পাঁচটা পোশাকের সঙ্গে সেটি ওয়াশিং মেশিনে কাচতে দিলেও, ফিতের দফারফা হতে পারে। আবার, চড়া রোদে শুকোতে দিলেও ফিতের রং চটতে পারে।
তা হলে কী ভাবে পরিষ্কার করবেন?
- নিয়মিত না হলেও সপ্তাহে এক দিন পরিষ্কার করা ভাল। যেহেতু আইকার্ডের ফিতে সরাসরি ঘাড়-গলার সংস্পর্শে থাকে এবং এ রকম অংশে ঘাম বেশি হয়, তাই তা কেচে নেওয়া জরুরি।
- ঠান্ডা বা হালকা গরম জলে পোশাক কাচার মৃদু কোনও দ্রবণ মেশান। তাতে ফিতেটি ৫-৭মিনিট ডুবিয়ে রাখুন। নরম কোনও দাঁত মাজার ব্রাশ দিয়ে ফিতেটি হালকা ঘষলেই ময়লা উঠে যাবে। তার পরে জলে ধুয়ে হাওয়ায় শুকিয়ে নিন।
- অনেকেরই কর্মক্ষেত্রের পরিচয়পত্রটি ভরে রাখার জন্য প্লাস্টিকের হোল্ডার থাকে। সেটিও যেহেতু দিনের পর দিন পরিষ্কার হয় না, ময়লা জমে তার আনাচ-কানাচে। ফিতে পরিষ্কারের সময় প্লাস্টিকের হোল্ডারটিও সাবান জলে পরিষ্কার করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে, আইডি কার্ড যেন তার আগে বার করে নেওয়া হয়।