কেবল ভাজার যন্ত্র নয়, ধীরে ধীরে পদোন্নতি হচ্ছে এয়ার ফ্রায়ারের। ভাজার পাশাপাশি গ্রিল বা বেক করার মতো কাজেও ব্যবহৃত হচ্ছে হেঁশেলের এই যন্ত্র। ছোট ও মাঝারি আকারের নরম, মসৃণ কেক বানাতেও খুব উপযোগী এয়ার ফ্রায়ার। কিন্তু কয়েকটি টিপ্স মাথায় রাখা দরকার সে ক্ষেত্রে।
১. সঠিক আকারের প্যান বেছে নিন- এয়ার ফ্রায়ারের ভিতর বসাতে হবে কেকের বাসন। ফলে খুব বেশি বড় হয়ে গেলে মুশকিল। এর ফলে বাতাস চলাচল করতে পারবে না ফ্রায়ারের ভিতর। বাসনে কেকের ব্যাটার ভর্তি করার আগে বাটি ফ্রায়ারের ভিতর বসিয়ে পরখ করে নিন। বাটি বসানো অবস্থায় ফ্রায়ারের ড্রয়ার সহজেই খোলা ও বন্ধ করা যাচ্ছে কি না, দেখে নিন। খুব ছোট প্যান হলে আবার এ দিক-ও দিক সরে গেলে মুশকিল। তাই প্যানের আকার নিয়ে আগে ভাবনাচিন্তা করতে হবে।
কেবল ভাজা নয়, বেকিংয়ের কাজেও এয়ার ফ্রায়ার ব্যবহার করুন। ছবি: সংগৃহীত
২. সঠিক উপাদানে বানানো প্যান বেছে নিন- গাঢ় রঙের ধাতব প্যান দ্রুত তাপ শোষণ করে, যার ফলে কেক গাঢ় বাদামি হয়ে উঠতে পারে দ্রুত। অন্য দিকে হালকা বা সিলিকনের প্যানে মৃদু ভাবে বেক হয়। সিলিকন প্যান ব্যবহার করলে তাপ ভাল ভাবে ছড়িয়ে পড়তে পারবে। এতে কেক সুন্দর বেক হবে। প্যানে মাখন বা তেল মাখানোর কাজটিও সঠিক ভাবে করতে হবে, যাতে কেকটি ভেঙে না যায়, বরং পরিপাটি হয়।
৩. প্যানে ব্যাটারের উচ্চতা নিয়ে সতর্ক থাকুন- প্যানের ভিতর কেকের ব্যাটার খুব বেশি ভরে দিলে ফুলে ওঠার সময় তা যন্ত্রের হিটিং এলিমেন্টের সংস্পর্শে চলে আসতে পারে অথবা পুড়ে যেতে পারে। এ সব ক্ষেত্রে কেকের ভিতরের অংশ কাঁচাই থেকে যায়। তা ছাড়া যন্ত্রের ভিতরে বায়ু চলাচল বন্ধ হয়ে যেতে পারে ব্যাটারের উচ্চতা বেশি হলে। কিন্তু কেক তৈরির জন্য চারদিকে সমান ভাবে তাপ ছড়িয়ে পড়াটা অপরিহার্য। তাই প্যানটির অর্ধেক উচ্চতা পর্যন্ত ব্যাটার দিতে হবে।
৪. সঠিক তাপমাত্রায় রাখুন- সাধারণ অভেনের তুলনায় এয়ার ফ্রায়ারে তাপ একটু কম রাখা উচিত। প্রায় ১৬০-১৬৫ ডিগ্রি সেলসিয়াসে শুরু করলে কেকের বাইরের অংশ খুব বেশি পুড়ে যাবে না, তার উপর ভিতর পর্যন্ত ভাল ভাবে রান্না হবে। তা ছাড়া প্যান বসানোর আগে যন্ত্রটি একটু গরম করে রাখতে পারেন। এর ফলে যন্ত্রের ভিতরে হঠাৎ তাপমাত্রার ওঠানামা সহ্য করতে হবে না কেকের ব্যাটারটিকে। শুরু থেকেই এক ধরনের তাপমাত্রা পেলে কেক বেক হবে ভাল।
৫. ব্যাটার ঢেকে রাখুন- কখনও কখনও ফ্রায়ারের তাপ একই ভাবে সঞ্চারিত হতে পারে না। যদি দেখেন, উপরের অংশ দ্রুত বাদামি হয়ে যাচ্ছে, কিন্তু ভিতর কাঁচা রয়ে গিয়েছে, তা হলে প্যানের উপর বা হালকা অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে দিতে পারেন, যাতে উপরের অংশ বেশি সেঁকা না হয়ে যায়।
আরও পড়ুন:
৬. মাঝে প্যান ঘুরিয়ে দিন- এয়ার ফ্রায়ার সাধারণ অভেনের চেয়ে কম সময়ে বেক করে। তাই এক বার ২০ মিনিট পার হলে ভিতরের অংশ পরখ করে দেখে নেওয়া ভাল। টুথপিক দিয়ে পরীক্ষা করে নিতে হবে সম্পূর্ণ কেক বেক হয়েছে কি না। তবে ফ্রায়ার খুলে দেখলে তাপ কমে যাবে। বেকিংয়ের মাঝে এক বার প্যানটির মুখ ঘুরিয়ে দিতে পারেন, যাতে সব দিক ভাল ভাবে তাপ পেতে পারে।
৭. প্যান বার করার আগে অপেক্ষা করুন- কেক যত্ন করে বানিয়ে নেওয়ার পর ১৫ মিনিটের মতো রেখে দিন ভিতরে। ঠান্ডা হতে দিন। তার পর বার করুন। এতে কেকের ভিতরের গঠন ঠিক থাকে। আচমকা তাপমাত্রার ফারাকে কেক কাটতে গেলে ভেঙে যেতে পারে।