Advertisement
E-Paper

বাড়িতে গাজরের হালুয়া বানাচ্ছেন? ৫টি ভুল এড়িয়ে চলুন, না হলে পরিশ্রমের কাঙ্ক্ষিত ফল মিলবে না

টাটকা গাজর, ঘি, দুধ, খোয়া ক্ষীর, চিনি দিয়ে কষিয়ে কাজু-কিশমিশ-পেস্তা ছড়িয়ে তৈরি এই মিষ্টি খেলে স্বাদ মুখে লেগে থাকে। দোকানে পাওয়া যায় ঠিকই, তবে বাড়িতে গাজরের হালুয়া বানিয়ে খাওয়ার তৃপ্তি অনেক বেশি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৭:২০
ভুল এড়িয়ে বানান ‘নিখুঁত’ গাজরের হালুয়া!

ভুল এড়িয়ে বানান ‘নিখুঁত’ গাজরের হালুয়া! ছবি : সংগৃহীত।

নতুন গুড়ের সন্দেশ-রসগোল্লা, পিঠে-পায়েস, কেক-কুকির পাশাপাশি শীতকাল আরও একটি মিষ্টির মরসুম— গাজরের হালুয়া। টাটকা গাজর, ঘি, দুধ, খোয়া ক্ষীর, চিনি দিয়ে কষিয়ে কাজু-কিশমিশ-পেস্তা ছড়িয়ে তৈরি এই মিষ্টি খেলে স্বাদ মুখে লেগে থাকে। দোকানে পাওয়া যায় ঠিকই, তবে বাড়িতে গাজরের হালুয়া বানিয়ে খাওয়ার তৃপ্তি অনেক বেশি। আর শীতে যদি গাজরের হালুয়া বানাবেন বলে সিদ্ধান্ত নিয়েই থাকেন, তবে পাঁচটি বিষয় অবশ্যই মাথায় রাখুন।

১। গাজরের হালুয়ার জন্য তরতাজা লাল গাজর সবচেয়ে ভাল। পুরনো গাজরে বা যে গাজর নরম হয়ে গিয়েছে, তাতে জলের ভাগ বেশি থাকে। রান্না করার সময় জল বেশি ছাড়লে তার প্রভাব পড়ে স্বাদেও। গাজরের হালুদার স্বাদ খানিকটা হালকা হয়ে যায়।

২। গাজরের হালুয়া রান্না করার সময় তাড়াহুড়ো করলে চলবে না। সময় নিয়ে এবং ধৈর্য ধরে ঘিয়ে ভাল ভাবে কোরানো গাজর ভাজতে হবে। তাড়াহুড়ো করলে গাজর অনেক জায়গায় কাঁচা থেকে যেতে পারে। আর কাঁচা গন্ধ থাকলে তা গাজরের হালুয়ার স্বাদ এবং গন্ধ, দুই-ই নষ্ট করে দিতে পারে।

৩। গাজরের হালুয়ায় দুধ দেওয়া হয়। হালুয়ার যে ঘন স্বাদ, তা দুধ না দিলে পাওয়া যাবে না। তবে দুধ বেশি দিলেও চলবে না। বেশি দুধ পড়লে হালুয়া ভারী এবং চটচটে হয়ে যাবে। খেতে ভাল লাগবে না। দুধ যথাযথ পরিমাণে দিলে হালুয়ায় এক ধরনের মসৃণ ক্রিমের মতো ভাব আসবে। গাজর দলা পাকিয়ে যাবে না।

৪। কখন চিনি দিচ্ছেন, তার উপরেও নির্ভর করবে স্বাদ। গাজর পুরোপুরি নরম হওয়ার পরেই চিনি দিতে হবে। তা না হলে চিনি থেকে অতিরিক্ত জল বেরিয়ে রান্নার প্রক্রিয়াটিকে কিছুটা শ্লথ করে দেবে। হালুয়া ঘন হতেও সময় লাগবে।

৫। ঘি ছাড়া গাজরের হালুয়া ভাবাই যায় না। হালুয়ার যে মসৃণ ভাব এবং সুগন্ধ, তার পুরোটাই আসে ঘি থেকে। তাই ঘিয়ের ব্যাপারে কার্পণ্য করলে চলবে না। গাজর ভাজার সময় পর্যাপ্ত ঘি দিন। ঘি দিয়ে সোনালি করে ভেজে তুলুন কাজু-কিশমিশও। রান্নার শেষে ঘি ছড়িয়ে দিন। মনে রাখবেন, পর্যাপ্ত ঘি না পড়লে হালুয়ায় শুকনো ভাব আসবে। নষ্ট হয়ে যাবে স্বাদও।

Gajarer Halwa Gajar ka halwa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy