Advertisement
E-Paper

গরমে প্রাণ জুড়োতে শুধু ডাবের জল নয়, তাই দিয়ে বানিয়ে নিন রকমারি পপসিকল, শরবত আর পুডিং

অনেক খুদে ডাবের জল খেতে চায় না। রোজ ডাবের জল খেলে বড়দেরও অরুচি আসতে পারে। তাই ডাব দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু কিছু রেসিপি, যা শরীর ঠান্ডা করার পাশাপাশি বিভিন্ন খনিজের অভাবও পূরণ করবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৭:৫৮
ডাব দিয়ে বানিয়ে ফেলুন রকমারি সুস্বাদু রেসিপি।

ডাব দিয়ে বানিয়ে ফেলুন রকমারি সুস্বাদু রেসিপি। ছবি: সংগৃহীত।

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডাবের চাহিদা। শরীরে জলের অভাব পূরণ করতে, ইলেকট্রোলাইটের সমতা বজায় রাখতে ডাবের জলের জুড়ি মেলা ভার। শরীরে সমস্ত ধরনের খনিজের জোগান দিতে পারে ডাব। তাই এই পানীয়কে প্রাকৃতিক ‘ওরাল রিহাইড্রেশন সলিউশন’ও বলা হয়। অতিরিক্ত গরমে, ঘামে শরীর থেকে অনেকটা করে নুন বেরিয়ে যাচ্ছে। সেই কারণে ইলেকট্রোলাইটের পরিমাণে হেরফের হচ্ছে অনেকেরই। মাথা ঘোরা, ক্লান্তি, দুর্বলতা, বমি বমি ভাব, চোখ অন্ধকার হয়ে যাওয়ার মতো সমস্যাও হচ্ছে। ইলেকট্রোলাইটের অভাবে পেশিতে টান ধরার সমস্যাও দেখা যাচ্ছে। এ সবের হাত থেকে নিস্তার পেতে হলে গরমে ডাব খেতেই হবে।

অনেক খুদে আবার ডাবের জল খেতে চায় না। রোজ রোজ ডাবের জল খেলে বড়দেরও অরুচি আসতে পারে। তাই বাজার থেকে ডাব কিনে এনে তা দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু কিছু রেসিপি, যা শরীর ঠান্ডা করার পাশাপাশি বিভিন্ন খনিজের অভাবও পূরণ করবে।

শিকাঞ্জি: এই পানীয়টি সাধারণত জলের সঙ্গে বেশি করে লেবু মিশিয়ে বানানো হয়। তবে জলের বদলে ডাবের জল দিয়েও শিকাঞ্জি বানিয়ে ফেলতে পারেন। ডাবের জলের সঙ্গে লেবু, বিটনুন, ভাজা জিরের গুঁড়ো আর সামান্য মধু মেশালেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পানীয়। রোদ থেকে বাড়ি ফিরে এই পানীয়ে চুমুক দিতে মন্দ লাগবে না।

ফ্রুট স্লাশ: আনারস, তরমুজ, আঙুরের মতো ফলগুলি ছোট টুকরো করে কেটে ফ্রিজ়ারে জমিয়ে নিন। এ বার ফ্রিজ়ার থেকে ফলগুলি বার করে মিক্সিতে ঘুরিয়ে নিন। সেই মিশ্রণে ডাবের জল, লেবুর রস আর সামান্য চিনি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রুট স্লাশ।

চিয়া পুডিং: ছোট একটি কাচের পাত্রে বেশ খানিকটা ডাবের জল নিন। তার মধ্যে চিয়া বীজ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন ওই খাবারের সঙ্গে মিশিয়ে নিতে পারেন মরসুমি বিভিন্ন রকম ফলের কুচি। বিভিন্ন রকমের বাদাম এবং বীজ। উপর থেকে সামান্য কোরানো নারকেলও ছড়িয়ে দিতে পারেন। ব্যস, ঠান্ডা ঠান্ডা চিয়া পুডিং তৈরি।

ডাব পুদিনার শরবত: ডাবের জল আর পুদিনাপাতা, দুইই গরমের সময়ে শরীর ঠান্ডা রাখে। একটি মিক্সারে ডাবের জল, পুদিনা পাতা, লেবুর রস, এক চিমটি নুন এবং বরফ দিয়ে ভাল ভাবে বেটে নিন। এই শরবতে এক বার খেলে গরমের দিনে বার বার খেতে মন চাইবে।

ডাব পপসিকল: আম, কিউয়ি, তরমুজের মতো কি‌ছু ফল কুচিয়ে নিন। এ বার ডাবের জলের মধ্যে বেদানা আর ফলের কুচি ভাল করে মিশিয়ে পপসিকল স্ট্যান্ডে ভরে ঢাকনা আটকে আট-দশ ঘণ্টা ফ্রিজ়ারে জমিয়ে খুদের সামনে পরিবেশন করুন।

Summer Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy