মালপোয়া খেতে কমবেশি সবাই ভালবাসেন। তবে মালপোয়াতে যদি একটু নতুন টুইস্ট দেওয়া যায়, তা হলে কেমন হয়? সুজি, ময়দা দিয়ে নয়, এ বার পাউরুটি দিয়েই বানিয়ে ফেলুন মালপোয়া। কামড় দিলেই ভিতর থেকে বেরিয়ে আসবে ছানার পুর। রইল রেসিপি।
উপকরণ:
৪টি পাউরুটি
২০০ গ্রাম ছানা
৫ টেবিল চামচ গুঁড়ো চিনি
২ টেবিল চামচ ড্রাইফ্রুট্স কুচোনো
পরমাণ মতো তেল
পরিমাণ মতো ঘি
১ কাপ চিনি
৩টি ছোটএলাচ
ক্ষীর (পরিবেশনের জন্য)
প্রণালী
প্রথমে একটি পাত্রে ছানা মাখা, চিনি আর ড্রাইফুট্সকুচি মিশিয়ে পুর বানিয়ে নিন। এ বার পাউরুটিগুলি বাটি দিয়ে গোল করে কেটে জলে ভিজিয়ে সামান্য নরম করে জল চিপে নিন। একটি পাউরুটি হাতে নিয়ে তার ভিতর ১ চামচ ছানার পুর ভরে আর একটি পাউরুটি দিয়ে চাপা দিয়ে ধারগুলি হাত দিয়ে চেপে বন্ধ করে দিন। একটি কড়াইতে চিনির মধ্যে এলাচ মিশিয়ে রস বানিয়ে নিন। এ বার কড়াইয়ে ঘি গরম করে মালপোয়াগুলি লাল করে ভেজে নিন। গরম মালপোয়াগুলি রসে ডুবিয়ে রাখুন বেশ খানিক ক্ষণ। এ বার উপর থেকে খানিকটা ক্ষীর ছড়িয়ে পরিবেশন করুন পাউরুটির মালপোয়া।