বাজার থেকে চিংড়ি এলেই হয় মালাইকারি আর না হয় চচ্চড়ি রান্না হয় বাড়িতে। তবে চিংড়ি দিয়ে ভিন্ন স্বাদের কিছু বানিয়ে ফেললে ছুটির দিনের ভোজটা আরও জমে যাবে। পোলাও বা লাচ্চা পরোটার সঙ্গে বানিয়ে ফেলুন প্রন ঘি রোস্ট। রইল সহজ রেসিপি।
উপকরণ:
৫০০ গ্রাম চাপড়া চিংড়ি
আধ চা চামচ হলুদগুঁড়ো
২ টেবিল চামচ লেবুর রস
স্বাদমতো নুন
৫-৬টি গোটা শুকনো লঙ্কা
৫-৬টি কাজু
দেড় টেবিল চামচ গোটা ধনে
১ চা চামচ গোটা জিরে, গোলমরিচ, সর্ষে, পোস্ত
১ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ
৫-৬টি লবঙ্গ
৭-৬ কোয়া রসুন
১ চা চামচ আদাকুচি
আঘ কাপ পেঁয়াজকুচি
২-৪ টেবিল চামচ ঘি
৫-৬টি কারিপাতা
আধ চা চামচ গুঁড়ো গুড় বা চিনি
প্রণালী:
নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে মাছ রেখে দিন কিছু ক্ষণ। এ বার শুকনো লঙ্কা আর কাজু গরম জলে ভিজিয়ে রাখুন। একটি শুকনো তাওয়ায় ধনে, জিরে, গোলমরিচ, পোস্ত আর সর্ষে ভাল করে সেঁকে নিন। এ বার মিক্সিতে গোটা মশলা, রসুন, পেঁয়াজ, আদা, আর ভিজিয়ে রাখা কাজু-লঙ্কা, তেঁতুলের ক্বাথ আর নুন দিয়ে ভাল করে বেটে নিন। কড়াইয়ে ঘি গরম করে কয়েকটা কারিপাতা আর গোটা শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে বেটে রাখা মিশ্রণ দিয়ে খানিক ক্ষণ কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে মেখে রাখা চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়া করুন। অল্প গরম জল মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। ঢাকা খুলে আরও খানিকটা ঘি ছড়িয়ে পরিবেশন করুন প্রন ঘি রোস্ট।