Advertisement
E-Paper

পাঁঠার মাংসে মেশান বাদামের স্বাদ, রবিবারের দুপুরে একঘেয়ে রেসিপি ছেড়ে নিয়ে আসুন নতুনত্ব

প্রতি বার একই রেসিপিতে মাংস রাঁধলে একঘেয়ে লাগতে পারে। এই সপ্তাহান্তে তাই নতুন ধরনের মাংসের পদ রান্না করে দেখুন। রইল বাদাম দেওয়া পাঁঠার মাংসের কোর্মার রেসিপি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২০:১৭
রবিবারের দুপুর জমে উঠুক নতুন ধরনের মাংস-ভাতে।

রবিবারের দুপুর জমে উঠুক নতুন ধরনের মাংস-ভাতে। ছবি: এআই সহায়তায় প্রণীত।

একাংশের বাঙালির কাছে রবিবার মানেই পাঁঠার মাংস আর ভাত। তবে প্রতি সপ্তাহে একই রেসিপিতে রাঁধলে একঘেয়ে লাগতে পারে। তাই বাদামের স্বাদ যোগ করে পাঁঠার মাংসে আলাদা মাত্রা আনতে পারেন। এই সপ্তাহান্তে তাই নতুন ধরনের মাংসের পদ রেঁধে দেখুন। রইল বাদাম দেওয়া পাঁঠার মাংসের কোর্মার রেসিপি।

উপকরণ

৫০০ গ্রাম পাঁঠার মাংস

১ কাপ আমন্ড

২টি বড় পেঁয়াজ কুচোনো

৪ টেবিল চামচ দই

৪ টেবিল চামচ ঘি

১ টেবিল চামচ আদা-রসুন বাটা

১ টেবিল চামচ ধনেগুঁড়ো

১ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো

আধ চা চামচ হলুদগুঁড়ো

১টি দারচিনি

২টি তেজপাতা

৪-৫টি সবুজ এলাচ

১টি কালো এলাচ

৩-৪ ফোঁটা গোলাপজল

প্রয়োজন মতো নুন

প্রণালী

আমন্ডগুলি ভাল করে ধুয়ে ১০ মিনিট গরম জলে চুবিয়ে রাখুন। তার পর সমস্ত বাদামের খোসা ছাড়িয়ে নিন। তার থেকে অর্ধেকটা নিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে মিক্সারে মিহি করে পিষে রেখে দিন। অন্য দিকে, পেঁয়াজকুচি তেলে অল্প ভেজে তুলে রাখুন।

এ বার কড়াইয়ে ঘি গরম করে গোটা মশলাগুলি ছেড়ে দিন। গন্ধ ছাড়া শুরু করলে মটন ঢেলে দিন। খানিক ভাজা হয়ে গেলে এবং রং পাল্টাতে শুরু করলে আদা-রসুন বাটা মিশিয়ে কষাতে থাকুন। তার পর একে একে ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো এবং লঙ্কাগুঁড়ো ঢেলে দিন কড়াইয়ে। পরিমাণ মতো নুন দিয়ে ভাল করে কষাতে থাকুন।

তার পর দু’মিনিট অপেক্ষা করে তাতে বাদাম ও দইয়ের মিশ্রণটি মিশিয়ে দিন। তেল ছাড়তে শুরু করলে পেঁয়াজভাজা দিয়ে দিন। খানিক ক্ষণ রান্না হওয়ার পর দু’কাপ জল ঢেলে ফুটতে দিন। কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢিমে আঁচে রান্না হতে দিন প্রায় আধ ঘণ্টা। মাংসের টুকরোগুলি নরম হয়ে এলে বাকি আমন্ডগুলি ছড়িয়ে দিন উপরে। শেষে গোলাপজল ছড়িয়ে দু’মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দিন। তার পর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Mutton Recipes Indian recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy