Advertisement
E-Paper

বিশ্বকাপ বয়কট করা নিয়ে এক দিনের মধ্যেই আবার নিজের বক্তব্য থেকে সরে এলেন নজরুল! ক্ষোভ ক্রমশ বাড়ছে ক্রিকেটারদের

এক দিনের মধ্যে নিজের বক্তব্য থেকে সরে এলেন আসিফ নজরুল। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের। তবে আগের মন্তব্যের প্রতিবাদ করেছেন ক্রিকেটারেরা। বাংলাদেশের অবস্থানের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আশরাফুল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৮
cricket

বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশ দল। — ফাইল চিত্র।

পর পর দু’দিনে দু’বার নিজের বক্তব্য থেকে সরে এলেন আসিফ নজরুল। এর ফলে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আবার নিজের প্রথম বক্তব্যে ফিরে গেলেন!

টি২০ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না, এই সিদ্ধান্ত প্রথমে সে দেশের সরকার নিয়েছিল। সিদ্ধান্ত ঘোষণার দিন নজরুল নিজেই এ কথা জানিয়েছিলেন। কিন্তু বুধবার তিনি বলেন, বিশ্বকাপে না খেলার দায় ক্রিকেটারদের। এক দিনের মধ্যে নিজের বক্তব্য থেকে সরে এসে আবার তিনি জানালেন, এই সিদ্ধান্ত সরকারের। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যদিও সেই মন্তব্য প্রচারিত হওয়ার পর তোপ দেগেছেন ক্রিকেটারেরা। বাংলাদেশের অবস্থানের সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আশরাফুল।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে সাংবাদিকেরা নজরুলকে প্রশ্ন করেছিলেন, বিশ্বকাপে খেলতে না পারায় আক্ষেপ হচ্ছে কি? জবাবে তিনি বলেন, “আক্ষেপের কোনও প্রশ্নই নেই। এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারেরা নিয়েছিল। দেশের ক্রিকেট, সাধারণ মানুষ, দেশের সম্মান রক্ষা করার জন্য স্বার্থত্যাগ করেছে ক্রিকেটারেরা।”

পরে নজরুল সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে একটি বার্তা পাঠান। সেখানে লেখেন, “একটা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে কথা হয়। আমাকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ আছে কি না। আমি বলেছি, আক্ষেপের প্রশ্নই আসে না। এর পর আমি যা বোঝাতে চেয়েছি, তা আমার কথার প্রেক্ষিত ও অন্তর্গত বার্তাকে না বুঝে ব্যবহার করার কারণে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।”

তিনি আরও লিখেছেন, “আমি জানুয়ারি মাসের শুরু থেকে বিভিন্ন বক্তব্যে স্পষ্ট ভাবে জানাই যে, নিরাপত্তার ঝুঁকির কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলাটা সরকারের সিদ্ধান্ত। আমি অবশ্যই এই বক্তব্যে অটল। বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত কার নেওয়া— এটা কোনও আলোচ্য বিষয় ছিল না, এ নিয়ে কোনও প্রশ্নও করা হয়নি।”

ক্রিকেটারদের পাল্টা প্রশংসা করেছেন নজরুল। তিনি লিখেছেন, “বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত অবশ্যই সরকার নিয়েছে। কিন্তু এটাও সত্যি যে এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়েরা বিনা প্রতিবাদে মেনে নিয়েছে। আর্থিক ক্ষতি, না খেলার বঞ্চনা এবং আরও শাস্তির ভয় সত্ত্বেও তারা এটা মেনে নিয়েছে। দেশের মানুষের নিরাপত্তা ও মর্যাদার স্বার্থে বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্তের কৃতিত্বের মূল দাবিদার তারাই। সাংবাদিক বৈঠকে বিষয়টা ভাল করে না বুঝিয়ে বলতে পারার ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। আবারও দৃঢ় ভাবে জানিয়ে দিচ্ছি, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকার নিয়েছে।”

তবে ক্রিকেটারেরা আগের মন্তব্যকে ভাল ভাবে নিচ্ছেন না। ‘দ্য ডেলি স্টার’-এর প্রতিবেদনে এক ক্রিকেটার বলেছেন, “বেশ মজা লাগছে ওঁর কথা শুনে।” আর এক ক্রিকেটার বলেছেন, “উনি কী বলেছেন আপনারা শুনেছেন। আমরা কী আর বলব? আমাদের পাশে কেউ নেই। আমরা অসহায়। বিশ্বকাপে না খেলা নিয়ে আমাদের কোনও হাত ছিল না। মুখে তো সব বুঝিয়ে বলা যায় না। এটুকু বলতে পারি, কেউ আমাদের সাহায্য করেনি।”

এ দিকে, ‘এনটিভি’ সংবাদমাধ্যমে আশরাফুল বলেন, “বাংলাদেশের শাস্তি হবে না বলে প্রচার করা হচ্ছে। গত আড়াই মাসে আইসিসি কি এক বারও বলেছে যে বাংলাদেশের শাস্তি হবে? কোনও বিবৃতিও দেয়নি। নিজেদের মধ্যে কথা বলে থাকতে পারে চাপ তৈরির জন্য। তবে সরকারি ভাবে তো জানায়নি। আগেও এমন ঘটনা ঘটেছে। তখন তো শাস্তি হয়নি।”

আশরাফুলের সংযোজন, “আমরা একে সাহসী সিদ্ধান্ত বলছি। কিন্তু এর থেকে কী লাভ হল? বিশ্বকাপে না খেলায় এ দেশের ক্রীড়াপ্রেমী মানুষ নিজের দেশের খেলা দেখতে পেলেন না। আমাদের ক্রিকেটারদেরও একটা সুযোগ নষ্ট হল। এটা কি সত্যিই জয়, না কি হার? মানতে কষ্ট হচ্ছে।”

T20 World Cup 2026 Bangladesh Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy