Advertisement
E-Paper

অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া, বৃষ্টিতে ম্যাঞ্চেস্টারে ভেস্তে গেল পঞ্চম দিনের খেলা

ভারতীয় সময়ে দুপুর সাড়ে ৩টে থেকে অ্যাশেজের চতুর্থ টেস্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই ম্যাঞ্চেস্টারে বৃষ্টি হচ্ছে। মাঝে এক সময় বৃষ্টি থামলে আম্পায়ারেরা মাঠ পরিদর্শন করার কথা ভেবেছিলেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ২২:০৭
Ben Stokes

বেন স্টোকস। —ফাইল চিত্র।

অ্যাশেজ অস্ট্রেলিয়ার। চতুর্থ টেস্ট বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় পাঁচ ম্যাচের সিরিজ় আর জেতা সম্ভব নয় ইংল্যান্ডের পক্ষে। তাই অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ম্যাঞ্চেস্টারে পঞ্চম দিনের খেলা বাতিল করে দেওয়া হয়েছে।

ভারতীয় সময়ে দুপুর সাড়ে ৩টে থেকে অ্যাশেজের চতুর্থ টেস্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাঞ্চেস্টারে সকাল থেকেই বৃষ্টি। মাঠ ঢাকা। মাঝে এক সময় বৃষ্টি থামলে আম্পায়ারেরা মাঠ পরিদর্শন করার কথা ভেবেছিলেন, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যায়। ফলে খেলা শুরু করা সম্ভব হয়নি। রবিবারই টেস্টের শেষ দিন ছিল। ইংল্যান্ডের জয়ের দিকেই পাল্লা ভারী ছিল। কারণ তাদের একটি ইনিংস বাকি রয়েছে। অস্ট্রেলিয়াকে এই ম্যাচ জিততে হলে বড় রানের লিড তুলে ইংল্যান্ডকে অলআউট করতে হত। সেটা বেশ কঠিন ছিল। কিন্তু বৃষ্টির কারণে ইংল্যান্ড এই ম্যাচ জিততে না পারায় তা হলে অ্যাশেজটাই হাতছাড়া হয়ে গেল।

প্রথম তিনটি টেস্টের মধ্যে দু’টি জিতেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ড জিতেছিল তৃতীয় টেস্টে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ়ে এগিয়ে রয়েছেন প্যাট কামিন্সেরা। চতুর্থ টেস্ট জিততে না পারায় এই সিরিজ় ইংল্যান্ডের পক্ষে জেতা সম্ভব নয়। শেষ বার অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। তাই চতুর্থ টেস্ট ড্র হওয়ায় শেষ টেস্ট ইংল্যান্ড জিতলেও সিরিজ় অমীমাংসিত থেকে যাবে। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়াই অ্যাশেজ নিজেদের দখলে রেখে দেবে।

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ছিল। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৩১৭ রান। জবাবে ইংল্যান্ড তোলে ৫৯২ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২১৪/৫। ৬১ রানে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। এমন অবস্থায় তাদের পক্ষে ইংল্যান্ডের রান টপকে বড় রানের লক্ষ্য দিয়ে বেন স্টোকসদের ১০ উইকেট তুলে জেতা বেশ কঠিন ছিল।

অ্যাশেজ সিরিজ়ের সঙ্গে জড়িয়ে রয়েছে এক ইতিহাস। যা কিছুটা ব্যাঙ্গাত্মক। খানিকটা শোকেরও। ১৮৮২ সালে ওভালে আয়োজিত টেস্টে অস্ট্রেলিয়ার কাছে প্রথম হেরেছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ফ্রেড স্পফোর্থের অনবদ্য বোলিংয়ের কাছে হারতে হয়েছিল ইংরেজদের। চতুর্থ ইনিংসে ৮৫ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি তারা। স্পফোর্থ ৪৪ রানে ৭ উইকেট নিয়েছিলেন। ০-১ ব্যবধানে সিরিজ় হেরে গিয়েছিল। পরের দিন ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য স্পোর্টিং টাইমস্‌’ তাদের প্রতিবেদনে ক্রিকেট দলের তীব্র সমালোচনা করেছিল। লেখা হয়েছিল, ইংরেজ ক্রিকেটকে চিরস্মরণীয় করে রাখল ওভালের ২৯ আগস্ট, ১৮৮২ তারিখটি। গভীর দুঃখের সঙ্গে বন্ধুরা তা মেনে নিয়েছে। ইংরেজ ক্রিকেটকে ভস্মীভূত করা হয়েছে এবং ছাইগুলো অস্ট্রেলিয়াকে দেওয়া হয়েছে। এর পরের বছর সিরিজ় পুনরুদ্ধার করতে অস্ট্রেলিয়ায় যায় ইংল্যান্ড। সংবাদমাধ্যমের ব্যঙ্গ মনে রেখে ইংল্যান্ডের অধিনায়ক আইভো ব্লাই বলেছিলেন, তাঁরা অ্যাশেজ পুনরুদ্ধার করতে অস্ট্রেলিয়ায় এসেছেন।

সে সময় কয়েক জন অস্ট্রেলীয় মহিলা ব্লাইকে আগের সিরিজ়ে পরাজয় নিয়ে পাল্টা ব্যঙ্গ করে ছাইভর্তি একটি পাত্র দিয়েছিলেন। যাতে ছিল উইকেটের উপরে থাকা বেলের ছাই। তার পর থেকে দু’দেশের টেস্ট সিরিজ় ‘অ্যাশেজ’ বলে পরিচিত হয়। ব্লাই অবশ্য ছাইয়ের সেই আধারটি ব্যক্তিগত উপহার হিসাবে নিজের কাছে রেখে দিয়েছিলেন। বিজয়ী দলকে ট্রফি হিসাবে তা দেওয়া হত না তখন। ব্লাইয়ের মৃত্যুর পর তাঁর স্ত্রী লর্ডসে এমসিসি জাদুঘরে সেই পাত্রটি দান করে দিয়েছিলেন।

Ashes 2023 Australia vs England
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy