Advertisement
E-Paper

ব্যাটারদের ব্যর্থতা ঢাকার চেষ্টায় বোলারেরা! দিন-রাতের টেস্টে হরমনপ্রীতের ভারতের থেকে ১০২ রানে পিছিয়ে হিলির অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেমাইমা রদ্রিগেজ় বাদে ভারতের আর কোনও ব্যাটার রান পাননি। সেই ব্যর্থতা ঢাকতে লড়াই করছেন ভারতের বোলারেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৯:২৮
cricket

ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: এক্স।

প্রথম বার দিন-রাতের টেস্ট খেলতে নেমেছে ভারতের মহিলা দল। তা-ও আবার পার্‌থে। ফলে ভারতের সামনে লড়াইটা যে সহজ হবে না, তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। সেই কাজটা আরও কঠিন করে দিলেন অস্ট্রেলিয়ার পেসারেরা। জেমাইমা রদ্রিগেজ় বাদে ভারতের আর কোনও ব্যাটার রান পাননি। ব্যাটারদের সেই ব্যর্থতা ঢাকতে লড়াই করছেন ভারতের বোলারেরা।

পার্‌থে প্রথম দিন পড়েছে ১৩ উইকেট। তার মধ্যে ভারতের ১০। প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট হয়ে গিয়েছে ভারত। জবাবে দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেট হারিয়ে ৯৬। ভারতের থেকে ১০২ রান পিছিয়ে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলির এটিই বিদায়ী টেস্ট। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন তিনি। তা কাজেও লাগে। মাত্র ৪ রানের মাথায় আউট হন স্মৃতি মন্ধানা। অপর ওপেনার শেফালি বর্মা ও প্রতীকা রাওয়াল জুটি বাঁধেন বটে, কিন্তু বড় রান করতে পারেননি। আর একটু সময় নিতে পারতেন শেফালি। তাড়াহুড়ো করতে যান। ৩৫ রানে তাঁকে আউট করেন অ্যানাবেল সাদারল্যান্ড। প্রতীকাকেও ১৮ রানের মাথায় ফেরান সাদারল্যান্ড।

সাদা বলের সিরিজ়ে রান না পেলেও লাল বলে ভাল দেখাল জেমাইমাকে। সাবলীল ইনিংস খেলেন তিনি। তাড়াহুড়ো করেননি। খারাপ বলের অপেক্ষা করেন। তাঁর সঙ্গে অধিনায়ক হরমনপ্রীত কৌরের জুটি ভাল দেখাচ্ছিল। কিন্তু হরমন অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে গিয়ে উইকেট দিয়ে এলেন। ১৫ বলে ১৯ রান করে আউট হলেন তিনি।

ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার দীপ্তি শর্মা (৭) ও রিচা ঘোষ (১১) এই ম্যাচে রান পাননি। জেমাইমা অর্ধশতরান করলেও অপর প্রান্তে উইকেট পড়ছিল। ফলে তাঁরও মনঃসংযোগ নষ্ট হয়। ৫২ রানের মাথায় লুসি হ্যামিলটনের বলে আউট হন তিনি। শেষ দিকে কাশবী গৌতম দলের রান টেনে নিয়ে যান। তিনি না থাকলে দেড়শো রান পার করতে সমস্যা হত। শেষ পর্যন্ত ১৯৮ রানে ভারতের ইনিংস শেষ হয়ে যায়। ৩৪ রানে অপরাজিত থাকেন কাশবী। অসি বোলারদের মধ্যে সাদারল্যান্ড ৪ ও হ্যামিলটন ৩ উইকেট নেন।

জবাবে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শুরুটাও ভাল হয়নি। দুই ওপেনার জর্জিয়া ভল ও ফিবি লিচফিল্ড রান পাননি। ভারতের দুই পেসার সায়ালি সাতঘরে ও ক্রান্তি গৌড়ের নিয়ন্ত্রিত বোলিং তাঁদের সমস্যায় ফেলে। ভলকে ২ রানের মাথায় বোল্ড করে সায়ালি। ৯ রানের মাথায় লিচফিল্ডকে ফেরান ক্রান্তি। বিদায়ী টেস্টে হিলি রান পাননি। ১৩ রান করে সায়ালির বলে আউট হন তিনি।

৩ উইকেট পড়ে যাওয়ার পর অবশ্য অস্ট্রেলিয়ার আর কোনও উইকেট পড়েনি। অভিজ্ঞ এলিস পেরির সঙ্গে জুটি বাঁধেন সাদারল্যান্ড। বলের পর ব্যাট হাতেও ভাল দেখায় তাঁকে। দিনের শেষ পর্যন্ত তাঁরাই ক্রিজ়ে রয়েছেন। অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৯৬। পেরি ৪৩ ও সাদারল্যান্ড ২০ রানে অপরাজিত রয়েছেন। এখন দেখার দ্বিতীয় দিনের শুরুতে ভারত খেলায় ফিরতে পারে কি না।

Harmanpreet Kaur Team India Women
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy