Advertisement
E-Paper

পাকিস্তান সুপার লিগে বিতর্কে বাবর, বার বার বল পরিবর্তনে আপত্তি, আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন ক্ষুব্ধ পেশোয়ার অধিনায়ক

লাহৌর কলন্ডর্সের ইনিংসের শুরুতেই একাধিক বার বল পরিবর্তনের প্রতিবাদ জানান বাবর আজ়ম। আম্পায়ারদের সিদ্ধান্ত মানতে পারেননি। জড়িয়ে পড়েন তর্কাতর্কিতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৫:৪৭
picture of cricket

বাবর আজ়ম। ছবি: এক্স।

আবার বিতর্ক পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। এ বার মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন বাবর আজ়ম। মেজাজ হারিয়ে হাত ছুড়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। পেশোয়ার জ়ালমি এবং লাহৌর কলন্ডর্স ম্যাচের এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।

বার বার বল পরিবর্তন করা নিয়ে আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান পেশোয়ার অধিনায়ক বাবর। লাহৌরের ইনিংসের শুরুতেই একাধিক বার বল পরিবর্তনের প্রতিবাদ জানান বাবর। লাহৌরের ইনিংসের দ্বিতীয় ওভারে বোলার ছিলেন মহম্মদ বাসিত। পঞ্চম বলে তাঁকে স্কোয়ার লেগ বাউন্ডারিতে চার মারেন মহম্মদ নইম। মাঠের বাইরে চলে যাওয়া বল খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়ে মাঠের আম্পায়ারেরা বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আবার তৃতীয় ওভারের চতুর্থ বলটি খাটো লেংথের করেন খুররম শাহজ়াদ। এ বার ডিপ মিড-উইকেটের উপর দিয়ে ছয় মারেন নইম। এ বারও বল খুঁজে পাওয়া যায়নি। আবার বল পরিবর্তন করেন আম্পায়ারেরা। ভাল করে খোঁজার চেষ্টা না করে বল পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ করেন বাবর।

প্রথম তিন ওভারেই দু’টি বল হারিয়ে যাওয়া বিস্মিত হন পেশোয়ার অধিনায়ক। তিনি দাবি করেন, বার বার বল পরিবর্তন করায় বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে লাহৌর। বিরক্ত এবং ক্ষুব্ধ বাবরকে আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায়। হাত ছুড়ে কথা বলতে দেখা যায় তাঁকে। তাতে অবশ্য লাভ হয়নি। দ্বিতীয় বার বল পরিবর্তন করে খেলা শুরু করান আম্পায়ারেরা।

Advertisement

শনিবারের ম্যাচ জিততেও পারেনি বাবরের দল। প্রথমে ব্যাট করে পেশোয়ার করে ৪ উইকেটে ১৯৯ রান। ওপেন করতে নেমে বাবর করেন ৪৫ বলে ৫৯ রান। জবাবে ১৯.৩ ওভারে ৪ উইকেটে ২০০ রান তুলে ম্যাচ জিতে নেয় লাহৌর। ৪৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ফখর জ়ামান।

PSL Babar Azam umpire Ball Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy