Advertisement
E-Paper

‘টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত বড় ভুল ছিল বাংলাদেশের!’ বন্ধু তামিমের হাতে ফিরবে সুদিন, আশা শাকিবের

দীর্ঘ দিন বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পান না শাকিব আল হাসান। তাঁর আশা, জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ তিনি দেশের মাটিতেই খেলবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২০:৫৭
cricket

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

ভারতের মাটিতে খেলার বিরোধিতা করে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। তাদের বদলে স্কটল্যান্ড খেলে বিশ্বকাপে। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে বড় ভুল বললেন শাকিব আল হাসান। দীর্ঘ দিন বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পান না শাকিব। তাঁর আশা, জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ তিনি দেশের মাটিতেই খেলবেন। বন্ধু তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবালের উপর ভরসা করছেন শাকিব।

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নিজের দেশে ফিরতে পারেননি শাকিব। পরিবারকে নিয়ে আমেরিকায় থাকেন তিনি। বেলজিয়ামে একটি জার্সি উদ্বোধনে অংশ নিয়ে শাকিব বলেন, “আমার মতে, খুব বড় ভুল হয়েছিল। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল এক দেশের বিশ্বকাপে না খেলা মানা যায় না। আমাদের সমর্থকেরা চান, বাংলাদেশ বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় খেলুক। বাংলাদেশ সরকারের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত খুব বড় ভুল।”

তবে বাংলাদেশে নতুন সরকার হওয়ার পর থেকে ছবিটা একটু বদলেছে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ় খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে বরফ গলবে বলেই মনে করেন শাকিব। তিনি বলেন, “আমার মনে হয়, পরিস্থিতি ভাল হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে এক, দুটো সিরিজ়ের আলোচনা চলছে। আমি শুনছি, অগস্ট বা সেপ্টেম্বর মাসে দু’দেশের মধ্যে খেলা হবে। সেই সিরিজ় হলে পরিস্থিতি ভাল হবে।”

বাংলাদেশে শাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে। ফলে এখন দেশে ফিরতে পারছেন না তিনি। যদিও নতুন সরকারের মধ্যে আলোচনা চলছে, সেই সব মামলা তুলে নেওয়ার। শাকিবও চান, জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ নিজের দেশে খেলতে। বাংলাদেশের হয়ে ৭১ টেস্ট, ২৪৭ এক দিনের ম্যাচ ও ১২৯ টি-টোয়েন্টি খেলা শাকিব বলেন, “দেখা যাক, কী হয়। সময় সব ঠিক করে দেয়। আশা করছি, যেটা চাই, সেটা শেষ পর্যন্ত পাব।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী সভাপতি হয়েছেন তামিম। শাকিবের মতো তিনিও বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ছিলেন। দু’জনের সম্পর্ক বেশ ভাল। বন্ধুর উপর ভরসা রয়েছে শাকিবের। তিনি বলেন, “ও অন্তর্বর্তী সভাপতি হয়েছে। আশা করছি, নির্বাচনের পর ও পাকাপাকি ভাবে সভাপতি হবে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে ওর অনেক পরিকল্পনা রয়েছে। তাতে বাংলাদেশ ক্রিকেটেরই উন্নতি হবে। সুদিন ফিরবে।”

Shakib Al Hasan Tamim Iqbal Bangladesh Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy