Advertisement
E-Paper

গোদের উপর বিষফোড়া, বাংলাদেশ চায়নি বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কট করুক পাকিস্তান!

এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। এ বার পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণায় আরও চিন্তা বেড়েছে তাদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৩
cricket

পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্তে চাপে বাংলাদেশ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। বিশেষজ্ঞেরা বলছেন, বাংলাদেশকে বাদ দেওয়ায় তাদের পাশে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু যাদের পাশে তারা দাঁড়িয়েছে, সেই বাংলাদেশই পাকিস্তানের এই সিদ্ধান্তে শঙ্কিত। চিন্তা আরও বেড়েছে তাদের। বাংলাদেশ চায়নি পাকিস্তান ম্যাচ বয়কট করুক।

পাকিস্তানের এই সিদ্ধান্তের পর আর্থিক ক্ষতি নিয়ে চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে মোট ৪৫০০ কোটি টাকার ক্ষতি হবে। তার প্রভাব আইসিসির অধীনে থাকা প্রত্যেক দেশের উপর পড়বে। সেই কারণেই চিন্তিত বিসিবি।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, “ভারত-পাকিস্তান ম্যাচ না হলে গোটা ক্রিকেটবিশ্ব আর্থিক ক্ষতির মুখে পড়বে। আমাদের লভ্যাংশও কমে যাবে। এই রকম ক্ষতি আমরা চাইনি।” এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়ায় এমনিতেই আর্থিক ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। বিশ্বকাপে অংশ নিলে যে টাকা তারা পেত, সেটা আর পাবে না। তার পর যদি আবার ভারত-পাক ম্যাচ না হওয়ায় তাদের আর্থিক ক্ষতি হয় তা হলে গোদের উপর বিষফোড়ার মতো অবস্থা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর এক কর্তা বলেন, “ভারত-পাক ম্যাচ না হলে আইসিসির অর্থভান্ডারও ক্ষতিগ্রস্ত হবে। এখানে সকলের মতো তো আমরাও ভাগীদার। ধরুণ, কেনিয়া বা উগান্ডা এক-দু’লক্ষ ডলার পেলেই খুশি। কিন্তু আমাদের দেশের ক্রিকেটে যে পরিকাঠামো, অত কম টাকায় চালানো যাবে না। টাকা কমে গেলে আমরা কী ভাবে দেশের ক্রিকেট চালাব?” ওই কর্তা জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের আয়ের প্রধান উৎস আইসিসি। ঘরোয়া ক্রিকেট থেকে এখন তেমন আয় নেই। সম্প্রচারস্বত্ব ও স্পনসর থেকে যা আয় হয় তা দিয়ে গোটা বছরের ক্রিকেট চালানো কঠিন। তাই চিন্তা বাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

তবে তাঁদের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যে ভাবে ভারতের সঙ্গে টক্কর নিয়েছে তার প্রশংসা করেছেন বাংলাদেশ বোর্ডের ওই কর্তা। তিনি বলেন, “পাকিস্তান ভারতকে কড়া বার্তা দিতে চেয়েছিল। ভারতের আধিপত্যে ধাক্কা দিতে চেয়েছিল। সেই ভাবনা থেকে এই সিদ্ধান্ত ঠিক।” আর এক কর্তা জানিয়েছেন, আইসিসি তাঁদের কথা না শুনে যে ভাবে বাংলাদেশকে বাদ দিয়েছে তার একটা জবাব দিতে হত। সেই জবাব পাকিস্তান দিয়েছে। এটা ক্রিকেটে অনেক বড় ঘটনা।

পাকিস্তানের এই ভারত-ম্যাচ বয়কটের প্রভাব এশিয়া কাপেও পড়তে পারে। পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ়ও সমস্যায় পড়তে পারে। এই পরিস্থিতিতে এখনও পাকিস্তানের সিদ্ধান্ত বদলের সময় রয়েছে বলেই মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর এক কর্তা। তাঁর মতে, আলোচনা তো চলছে। যে কোনও সময় সিদ্ধান্ত বদলে যেতে পারে। তাঁদের কথা থেকে স্পষ্ট, পাকিস্তানকে ধন্যবাদ জানালেও বাংলাদেশ চাইছে পাকিস্তান ভারতের বিরুদ্ধে মাঠে নামুক। নইলে সমস্যা আরও বাড়বে তাদের।

India vs Pakistan Bangladesh Cricket Board
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy