Advertisement
E-Paper

আগরকরকেই প্রধান নির্বাচক রেখে দিচ্ছে ভারতীয় বোর্ড? জল্পনা নিয়ে মুখ খুললেন সহ-সভাপতি শুক্ল

অজিত আগরকরের কার্যকালে টেস্ট ক্রিকেটে তেমন সাফল্য আসেনি। তবে সাদা বলের ক্রিকেটে দাপট ধরে রেখেছে ভারতীয় দল। প্রধান নির্বাচক হিসাবে আগরকর কয়েকটি কঠোর সিদ্ধান্তও নিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:২১
picture of cricket

অজিত আগরকর। —ফাইল চিত্র।

ভারতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বে থাকতে পারেন অজিত আগরকরই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদের একাংশ এক দিনের বিশ্বকাপ পর্যন্ত তাঁকেই দায়িত্বে রাখতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লর দাবি, এমন কোনও সিদ্ধান্তই হয়নি।

আগরকরের কার্যকালে টেস্ট ক্রিকেটে তেমন সাফল্য আসেনি। তবে সাদা বলের ক্রিকেটে দাপট ধরে রেখেছে ভারতীয় দল। ২০২৪ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ২০২৫ সালে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এ ছাড়া ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারত। প্রধান নির্বাচক হিসাবে আগরকর বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্তও নিয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা মতো ক্রিকেটারকেও ছাড় দেননি। তাঁর কয়েকটি সাহসী সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে বোর্ড কর্তাদের মধ্যে। তাঁদের একাংশ আগরকরকেই ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রেখে দিতে চান।

আগরকরকে নিয়ে জল্পনাকে গুরুত্ব দিতে চাননি শুক্ল। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের সহ-সভাপতি বলেছেন, ‘‘এই সব সিদ্ধান্ত সহজে নেওয়া যায় না। বোর্ড নেতৃত্ব একসঙ্গে বসে সিদ্ধান্ত নেন। সঠিক সময় সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। যা করার ভারতীয় ক্রিকেটের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিয়েই করা হবে। সময় এলে বোর্ড ঠিক জানিয়ে দেবে।’’ এই ধরনের জল্পনাকে অর্থহীন এবং ভিত্তিহীন বলেও দাবি করেছেন শুক্ল।

Advertisement

গত মার্চে আগরকরের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। প্রধান নির্বাচক নিয়ে বিসিসিআই এখনও সরকারি ভাবে কিছু জানায়নি। আইপিএলের পর এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে। আপাতত আগরকরই কাজ চালাচ্ছেন। বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘আগরকর মেয়াদ বৃদ্ধির আর্জি জানাননি। বোর্ডের যে কোনও নির্বাচকই সাধারণত চার বছর পর্যন্ত দায়িত্বে থাকেন। প্রয়োজন হলে পাঁচ বছরও থাকতে পারেন। আগরকরের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধির সম্ভবনা নেই। তবে নতুন চুক্তি হতেই পারে।’’ তিনি বুঝিয়ে দিয়েছেন, বোর্ড চাইলে আগামী কয়েক বছর আগরকরের হাতেই থাকতে পারে জাতীয় দল নির্বাচনের মূল দায়িত্ব।

BCCI Ajit Agarkar Selector rajeev shukla
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy