Advertisement
E-Paper

মেয়েদের আইপিএলের প্লে-অফে জেমাইমার দিল্লি, বিদায় গত বারের চ্যাম্পিয়ন হরমনপ্রীতের মুম্বইয়ের

তৃতীয় দল হিসাবে মহিলাদের আইপিএলের প্লে-অফে জায়গা করে নিল দিল্লি ক্যাপিটালস। গ্রুপের শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জ়কে হারিয়েছেন জেমাইমা রদ্রিগেজ়রা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১২
cricket

জেমাইমা রদ্রিগেজ়। ছবি: পিটিআই।

এক ম্যাচের উপর নির্ভর করছিল দুই দলের ভবিষ্যৎ। দিল্লি জিতলে তারা প্লে-অফে উঠত। দিল্লি হারলে প্লে-অফে জায়গা করে নিত মুম্বই। শেষ পর্যন্ত গ্রুপের শেষ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জ়কে হারিয়ে তৃতীয় দল হিসাবে মহিলাদের আইপিএলের প্লে-অফে জায়গা করে নিল দিল্লি ক্যাপিটালস। বিদায় নিতে হল গত বারের চ্যাম্পিয়ন হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্সকে। আগের ম্যাচে গুজরাতের কাছে হারের খেসারত দিতে হল তাদের। গ্রপে চার নম্বরে শেষ করল মুম্বই।

প্রথমে ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে ইউপি। অধিনায়ক মেগ ল্যানিং শূন্য রানে আউট হন। অপর ওপেনার দীপ্তি শর্মা ২৪ রান করলেও টপ ও মিডল অর্ডারের আর কেউ রান পাননি। ব্যর্থ হরলীন দেওল, চার্লি নট, ডিয়ান্ড্রা ডটিনেরা। সিমরন শেখ করেন ২২ রান।

বল হাতে ইউপি-র কোমর ভেঙে দেন শিনেল হেনরি ও মারিজান কাপ। হেনরি ২ ও কাপ ৩ উইকেট নেন। মাঝের ওভারে শ্রী চরণি নেন ২ উইকেট। শেষ জুটি ইউপি-কে সম্মানজনক রানে নিয়ে যায়। ১১ নম্বরে নেমে শিখা পাণ্ডে ২৩ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান করে ইউপি।

রান তাড়া করতে নেমে দিল্লির শুরুটাও ভাল হয়নি। ১০ রানে আউট হন লিজ়েল লি। কিন্তু দ্বিতীয় উইকেটে শেফালি বর্মা ও লরা উলভার্ট দিল্লির জয়ের ভিত গড়ে দেন। শেফারি ২৯ রান করেন। উলভার্টের ব্যাট থেকে আসে ৪৭ রান। এই জুটি ভাঙার পর আবার দিল্লি সমস্যায় পড়ে। কাপ ও হেনরি ব্যাট হাতে রান পাননি।

এক দিকে টিকেছিলেন অধিনায়ক জেমাইমা। এ বারের মহিলাদের আইপিএলে খুব বেশি রান তাঁর ব্যাটে নেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন তিনি। ১৮ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেললেন। ঠান্ডা মাথায় দলকে প্লে-অফে তুললেন। প্রথম বার অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে গিয়ে নজর কাড়লেন জেমাইমা। আট বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে গেল দিল্লি। গ্রুপে সকলের নীচে শেষ করল অভিষেক নায়ারের ইউপি।

Delhi Capitals Jemimah Rodrigues
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy